ছাত্রলীগের কাউন্সিলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, ভাংচুর, ১ম লিড
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিলে মঙ্গলবার ব্যাপক সংঘর্ষ হয়। এসময় গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, প্রতিদ্বন্দ্বী গ্র“পের হামলা, অগ্নিসংযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া ও কাঁচের ব্যালট বাক্স ভাংচুরের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়।
অপ্রীতিকর এ ঘটনার পরও তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে তখনও হট্টগোল চলতে থাকে।
দেশের অন্যতম প্রধান ছাত্র সংগঠন ছাত্রলীগের ২৯ বয়সোর্ধ্ব নেতারা সংগঠনের গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারার হতাশা থেকে সকালে বিক্ষোভ প্রদর্শন করলে জুনিয়র ও সিনিয়র নেতা--কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। আধা ঘন্টার বেশি সময় ধরে চলা সংঘর্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতর--বাইরে ব্যাপক ভাংচুর চালানো হয়। বিক্ষুব্ধ নেতা--কর্মীরা রাস্তায় প্রায় ২০টি গাড়ি ভাংচুর করে। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাইরে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
আইইবি মিলনায়তনে সকাল ১০টার দিকে কাউন্সিল অধিবেশন শুরুর ঠিক আগে বিক্ষুব্ধ সিনিয়র নেতা ও তাদের সমর্থক কর্মীরা দলে দলে বিভক্ত হয়ে ‘অবৈধ কাউন্সিল মানি না, মানবো না’ স্লোগান দিয়ে সংগঠনের গুরুত্বপূর্ণ পদের জন্যে প্রতিদ্বন্দ্বিতারত জুনিয়র নেতাদের ওপর চড়াও হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
সারা দেশ থেকে আগত হাজার নেতা-কর্মী এবং কাউন্সিলরা আতংকে দিগি¦দিক ছুটোছুটি শুরু করে। তারা পাশের সোহরাওয়ার্দী এবং রমনা উদ্যানে আশ্রয় নেয় । এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আইইবি গেট ও প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের টাঙানো ব্যানারে আগুন লাগিয়ে দেয়। হলের ভেতরে ঢুকে তারা মঞ্চের ওপর ভোট গ্রহণের জন্যে রাখা ফাইবার গ্লাসের স্বচ্ছ ব্যালট বাক্সও ভাংচুর করে।
সিনিয়র নেতা ও তাদের সমর্থকরা মিলনায়তনের ভেতরের চেয়ার, টেবিল ও জানালার সাঁড়শি ভাংচুৃর করে। তারা আইইবি’র সামনে রাস্তায় হামলা চালিয়ে কমপক্ষে ২০টি গাড়ি ভাংচুর করে।
বর্তমানে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা ভাংচুররত সিনিয়র নেতা ও তাদের সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে বেলা সাড়ে ১২টার দিকে কাউন্সিলের কাজ আবারও শুরু হয়।
কিন্তু বেলা ২টার দিকে আইইবি মিলনায়তনের বাইরে অবস্থানরত নেতা--কর্মীদের লক্ষ্য করে বাইরে থেকে পরপর দু’টি গুলি ছোঁড়া হয়। এর পরপরই আইইবি চত্বরে আরো তিনটি গুলির শব্দ শোনা যায়। একই সময় সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তবে গুলি অথবা বোমা বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিকেল পৌণে চারটা থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয়।
১৯৯৩ সাল ও তার পরে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পাস করেছেন, শুধু তাদের ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার সিদ্ধান্তের কারণে অধিকাংশ সিনিয়র নেতাই এখন ক্ষুব্ধ।
সূত্র জানায়, সম্মেলনের ঠিক একদিন আগে ১৯৯৩ সালের আগে এসএসসি পাস করা নেতাদের ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ঘোষণা করায় সিনিয়র নেতারা প্রচণ্ড ক্ষুব্ধ হন। তারা বিভিন্ন পর্যায়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা সোমবার ছাত্রলীগের দু’দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করেন।
প্রতিদ্বন্দ্বিতা করতে অযোগ্য বিবেচিত হওয়া ছাত্রলীগের সিনিয়র নেতারা সোমবার রাতে তাদের অসন্তোষ ও যুক্তি শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদেরকে বাধ্য করেন। ছাত্রলীগের বিষয়াদি দেখভাল করারা জন্যে কেন্দ্র থেকে ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শেখ হাসিনার সাথে বৈঠকের পর ওবায়দুল কাদের সিনিয়র নেতাদের জানান, দলীয় প্রধান তার পূর্বঘোষিত সিদ্ধান্ত পরিবর্তন করবেন না।
বিক্ষুব্ধ সিনিয়র নেতারা সোমবার রাতেই শেখ হাসিনার বাসভবন সুধাসদনের সামনে এবং তার ধানমণ্ডির কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা নরসিংদী থেকে আসা ছাত্রলীগ নেতা এসকে কাইয়ুমের একটি গাড়িও ভাংচুর করে ।
