খাগড়াছড়িতে পাহাড়ি গ্রামে হামলা: বৈসাবী বর্জনের আহ্বান
খাগড়াছড়ির মাইচছড়ি ইউনিয়নে সোমবার পাহাড়ি- বাঙালি সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ পাহাড়ি নেতারা জেলায় বৈসাবী (বিঝু, সাংগ্রাই ও বৈসুক) নামক নববর্ষ বরণ উৎসব বর্জনের আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, ওই ঘটনার নেপথ্য গডফাদার স্থানীয় সাংসদ ও পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। তারই ইঙ্গিতে সেনা বাহিনী ও পুলিশের সহায়তা বাঙালিরা পাহাড়িদের তিনটি গ্রামে হামলা চালায়।
জেলা সদরের মহাজন পাড়ায় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় পাহাড়ি নেতারা এ কথা বলেন। এতে বক্তব্য রাখেন পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সংঘের সভাপতি সুমনা লঙ্কার মাহাথেরো, সাবেক রাষ্ট্রদূত এসএস চাকমা, প্রত্যাগত শরণার্থী কল্যান সমিতির সভাপতি প্রভাকর চাকমা, সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, সাবেক পৌর চেয়ারম্যান মংকচি চৌধুরী, হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক থুইলা প্র“ মারমা প্রমুখ।
জেলার মাইচছড়ি নতুন বাজার, জয়সেন কারবারী পাড়া ও চাওপ্র“ কারবারী পাড়া- এই তিনটি পাহাড়ি গ্রামে সোমবার সংঘবদ্ধ বাঙালিরা হামলা চালালে অর্ধশতাধিক আহত হয়। পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থল থেকে ২৪ জন পাহাড়ি ও পাঁচজন বাঙালিকে আটক করে। আহতদের মধ্যে ১২ জন পাহাড়ি ও পাঁচজন বাঙালিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
একই এলাকায় রোববারও আওয়ামী লীগ সমর্থিত পাহাড়ি এবং বিএনপি সমর্থিত বাঙালিদের মধ্যে এক দফা সংঘর্ষ বাধে।
মতবিনিময় সভায় পাহাড়ি নেতারা অভিযোগ করে বলেন, স্থানীয় মাইচছড়ি বিএনপির নেতা আব্দুস সাত্তার পরিকল্পিতভাবে বৈসাবীর আগে ওই হামলার নেতৃত্ব দেয়। এরআগেও বৈসাবীর আগে পাহাড়ে একাধিকবার সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে।
তারা বলেন, বার বার এ ধরণের ঘটনা ঘটিয়ে একদিকে দখল করা হচ্ছে আদিবাসী পাহাড়িদের জমি। অন্যদিকে বিএনপির ভোট নিশ্চিত করার জন্য বহিরাগত বাঙালিদের প্রশাসনিক পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভা থেকে ওই ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়।
