২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা ৪ এপ্রিল

কক্সবাজারে মঙ্গলবার ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

চট্টগ্রাম বিভাগের ১৪টি জেলা ও একটি বিশ্ববিদ্যালয় শাখা প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন। সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল। এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যগণও এতে উপস্থিত থাকবেন বলে জেলা ছাত্রদল সূত্রে জানানো হয়েছে।

দিনব্যাপী এ প্রতিনিধি সম্মেলন সকাল ৯টায় শুরু হবে।

সম্মেলন উপলক্ষে কক্সবাজার স্টেডিয়ামে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল এবং সাধারণ সম্পাদক মো. হাবিব উল্লাহ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানিয়েছেন, এবারের প্রতিনিধি সম্মেলনে ১৪টি জেলা ও একটি বিশ্ববিদ্যালয় শাখার ৫ হাজার ৩১৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

এছাড়া অংশগ্রহণকারী জেলাসমূহের বিএনপির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কক্সবাজার জেলার প্রতিটি অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।