২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত সংগ্রহ থেকে ঐতিহাসিক দলিলপত্র আর্কাইভে দান করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যক্তিগত সংগ্রহ থেকে দেশের ঐতিহাসিক ও ঐতিহ্য সংশ্লিষ্ট দলিলপত্র, ছবি, বই ও ভিডিও ফুটেজ জাতীয় আর্কাইভে দান করার জন্যে রাজনীতিবিদ, সাংবাদিকসহ দেশের সকল জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

প্রধানমন্ত্রী সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় আর্কাইভের নবনির্মিত আধুনিক ভবন উদ্বোধনকালে এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ওই ধরনের মূল্যবান সংগ্রহ ও অর্জন জাতীয় আর্কাইভে প্রদান করলে তা জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করা হবে। আর এভাবে  রক্ষণাবেক্ষণকারীর অনুপস্থিতিতে ভবিষ্যতে সেগুলোকে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব হবে।

খালেদা জিয়া বলেন, তরুণ প্রজন্মকে দেশের নিজস্ব ইতিহাস অনুসন্ধানে সচেষ্ট হতে হবে এবং বিশ্বায়নের প্রেক্ষাপটে বিশ্ব ঐতিহ্যের শিঁকড় খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন জাতির প্রকৃত ইতিহাস জানতে পারে সে লক্ষ্যে সরকার ইতিহাস বিকৃতি প্রতিহত ও বস্তুনিষ্ঠ ইতিহাস প্রস্তুত করতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে ।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খন্দকার মাহবুবউদ্দিন এমপি, অধ্যাপক শহীদুল  ইসলাম এমপি, জাতীয় আর্কাইভ ও লাইব্রেরি অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. শরিফুদ্দিন উপস্থিত ছিলেন।