জোট দুঃশাসন থেকে জাতির মুক্তি ও অবাধ নির্বাচনের জন্যে সংস্কার দরকার: ছাত্রলীগের সম্মেলনে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি জামাত জোট সরকারকে ব্যর্থ, দুর্নীতিবাজ, অত্যচারি, খুনি ও জঙ্গি আখ্যা দিয়ে বলেছেন, জনগণ ওদের আর ক্ষমতায় দেখতে চায় না।
তিনি বলেন, ক্ষমতাসীন জোট দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে প্রয়োজন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর অবাধ নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থার সংস্কার বাস্তবায়ন করতে হবে।
দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের দু’দিনব্যাপী পুনর্মিলনী ও জাতীয় সম্মেলন ’০৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।
জোট সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে ছাত্রলীগের নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী জঙ্গি দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে। ওদের বিরুদ্ধে জনমত তৈরি করে সংগ্রামকে এগিয়ে নিতে হবে।
নগরীর ধানমণ্ডি ক্লাব মাঠে আয়োজিত এই সম্মেলনে নেতা নির্বাচন প্রক্রিয়ার কথা উল্লেখ করে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা বলেন, ছবিসহ ভোটার তালিকা প্রস্তুত করে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে যে জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত করা যায়, তা এই ভোটের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে।
আবারও ক্ষমতায় আসলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সম্প্রতি প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিরোধিতা করেন বিরোধী দলীয় নেতা।
তিনি বলেন, যারা দুর্নীতির মূল হোতা, ভাঙ্গা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি থেকে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কীভাবে দুর্নীতি দূর করবে? আসলে দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীর দুর্নীতি দমনের মানে হলো : ক্ষমতার এখনও যে ক’ মাস বাকি আছে, শেষ বেলার সেই সময়টাতে আরো দুর্নীতি ও জনগণকে শোষণ করা।
বিরোধী দলীয় নেত্রী বলেন, বিএনপি - জামাত জোট রাষ্ট্র ক্ষমতাকে বেছে নিয়েছে অর্থ সম্পদ বানানোর শক্তি হিসেবে। ক্ষমতায় এসে তারা দুর্নীতি করে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাটেই ব্যস্ত। শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরিবার ভোগ করছে দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। তাই এই খুনি দুর্নীতিবাজ সরকারের কাছে কিছুই আশা করা যায় না।
শেখ হাসিনা বলেন, ‘বাংলার মানুষ প্রধানমন্ত্রীর দুর্নীতি, সন্ত্রাস আর দ্রব্যমূল্য বৃদ্ধির উন্নয়নের ধারাবহিকতা বজায় রাখতে চায় না ’।
জোট সরকারের দলীয়করণ উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ ওদের ভোট দেবে না, এটা ওরা ভালো করেই জানে। তাই সুপ্রিমকোর্ট হাইকোর্ট থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই তারা নির্লজ্জভাবে দলীয়করণ করছে। গডফাদার সৃষ্টি ও লালন করে সারাদেশে অতংক সৃষ্টি করছে।
ক্ষমতাসীন বিএনপি - জামাত জোট সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে আওয়ামী লীগ প্রধান বলেন, ইতিহাস বিকৃত করার অধিকার কারও নেই। যারা আজ মিথ্যে ও বিকৃত মনগড়া ইতিহাস লিখছে, তাদের নামের তালিকা প্রস্তুত করে রাখতে হবে। আগামীতে আমরা ক্ষমতায় আসতে পারলে বাংলার মানুষ বাংলার মাটিতেই তাদের বিচার করবে।
প্রতিশ্র“তি ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, আগামীতে ক্ষমতায় যেতে পারলে নিরক্ষরতার হাত থেকে দেশকে মুক্ত করতে øাতক পর্যন্ত ছেলে মেয়ে নির্বিশেষে সবার বেতন অবৈতনিক করা হবে। বেকারদের কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধির ব্যবস্থা করবো। বিনা বিচারে মানুষকে যেন আর মরতে না হয়, বাংলাদেশকে সে রকম নিরাপদ করে গড়ে তুলবো।
ছাত্রলীগের বিদায়ী সভাপতি লিয়াকত সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, শাহজাদা মহিউদ্দিন ও আব্দুল ওয়াদুদ খোকন। নজরুল ইসলাম বাবু সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন।
এর আগে শেখ হাসিনা সম্মেলনস্থলে পৌঁছে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সাংগঠনিক পতাকা উত্তোলন করেন লিয়াকত সিকদার।
পরে ছাত্রলীগের দলীয় সঙ্গীত ও দেশাতœবোধক গান এবং নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। শেখ হাসিনাও তাদের সাথে কণ্ঠ মেলান।
উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে পরবর্তী কমিটির নেতা নির্বাচন। স্বচ্ছ ব্যালট বাক্সে সংগঠনের প্রায় আড়াই হাজার কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্যে কাউন্সিলরদের দেওয়া হয়েছে ছবি সংবলিত ভোটার পরিচয় পত্র।
