২ মাসের মধ্যে রায় হতে যাচ্ছে জেএমবি’র বিরুদ্ধে দায়ের করা ৯টি মামলার রায়
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর বিরুদ্ধে ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা ও পরবর্তী সময়ে বিভিন্ন আত্মঘাতী হামলায় দায়েরকৃত মামলাগুলোর মধ্যে স্পর্শকাতর নয়টি জেলার মামলার রায় আগামী দুই মাসের মধ্যে ঘোষণা করা হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে এসব বোমা হামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। দেশব্যাপী জেএমবি’র বোমা হামলায় নিহত হয়েছে এমন ঘটনা এবং স্পর্শকাতর মামলাগুলোর মধ্যে এ নয়টি মামলা অন্যতম।’
তিনি বলেন, বোমা হামলাগুলোর অগ্রগতি ও তদারকির জন্যে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত কমিটি ধারাবাহিকভাবে মামলাগুলো পর্যালোচনা করেছে এবং মামলাগুলোর সন্তোষজনক অগ্রগতিও হয়েছে।
নয়টি স্পর্শকাতর মামলাগুলো হচ্ছে, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সাতক্ষীরা এবং গাজীপুরের আদালতপাড়ায় বোমা হামলা এবং সিলেট, মুক্তাগাছা, কুমিল্লায় শায়খ আবদুর রহমান, বাংলা ভাই ও জেএমবি’র বোমা বিশেষজ্ঞ মোল্লা ওমরের সপরিবারে নিহত হওয়ার মামলাগুলো।
‘এসব মামলাগুলো অত্যন্ত সতর্কতার সাথে খতিয়ে দেখা হচ্ছে,’ প্রতিমন্ত্রী বলেন।
অবশ্য বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, ময়মনসিংহে বোমা হামলা ও গাজীপুরে আত্মঘাতী বোমা হামলা মামলাগুলোর অগ্রগতি ভালো না হওয়ায় প্রতিমন্ত্রী বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী ওই মামলাগুলো রিভিউ করতে বলেছেন।
প্রতিমন্ত্রী বলেন, জেএমবি’র যেসব হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছে সেসব মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মামলাগুলোয় দোষীদের শাস্তি যাতে বেশি হয় সেজন্যে সংশ্লিষ্ট জেলার ডিসি ও এসপিদের মামলাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এাগোতে বলা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, কোনো মামলায় ত্র“টি থাকলে সংশ্লিষ্ট জেলার এসপি ও তদন্ত কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, ১৭ আগস্ট পরবর্তী বোমা হামলা মামলাগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া মন্ত্রী বিভিন্ন মামলার আরও অগ্রগতি সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। যেসব হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছে সে মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে এগোনোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
সিলেটের টিলাগড় থেকে শায়খ আবদুর রহমানকে সপরিবারে গ্রেপ্তারের ঘটনায় দায়েরকৃত মামলা অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এটি তদন্তে অত্যন্ত সাবধানতার মাধ্যমে দণ্ডাদেশের দিকে এগিয়ে যেতে বলেছেন মন্ত্রী। এছাড়া তিনি সঠিকভাবে মামলাগুলো রিভিউ করতে বলেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, দেশব্যাপী ১৭ আগস্ট ও পরবর্তী বোমা হামলায় এ পর্যন্ত মোট ২৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৭ আগস্ট বোমা হামলার জন্যে ১৫৪টি ও পরবর্তী বোমা হামলাগুলোর জন্যে ৮১টি মামলা রুজু করা হয়।
এর মধ্যে ১২৯টি মামলায় চার্জশীট দাখিল করা হয়েছে এবং তদন্তাধীন মামলা রয়েছে ১০৬টি। মামলাগুলোর মধ্যে ৭৪টি মামলার বিচার শুরু হয়েছে।
এসব মামলাগুলোয় জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, তার স্ত্রী, কন্যা, পুত্র, জেএমবি’র অপারেশনাল কমান্ডার সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ সংগঠনটির ৬৮৩ জন নেতা - কর্মী গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, ও মজলিশ - ই - শূরা’র (সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি) দুই সদস্য আবদুল আউয়াল ও হাফেজ মাহমুদও রয়েছে। সানি জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের ছোট ভাই এবং আবদুল আউয়াল রহমানের জামাতা।
দাখিলকৃত মামলাগুলোর মধ্যে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের বিরুদ্ধে ৫২টি, বাংলা ভাই এর বিরুদ্ধে ৪৮টি এবং সানির বিরুদ্ধে ২৮টি মামলায় চার্জশীট দেওয়া হয়েছে।
ইতোমধ্যে পাঁচটি মামলায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে শাস্তির আদেশ দিয়েছেন আদালত।
ঝিনাইদহে বোমা হামলা ও সিলেটে দায়েরকৃত মামলায় ২২ জনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে ২১ জনের এবং সিলেটে আত্মঘাতী দলের সদস্য আক্তারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ঝালকাঠিতে দায়েরকৃত মামলায় শায়খ রহমান, বাংলা ভাই, সানি, আউয়াল ও আত্মঘাতী সদস্য মামুনসহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের নিকলিতে দায়েরকৃত মামলায় একজন জেএমবি সদস্যের ১৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
পিরোজপুরে পলাতক আসামী মোহাম্মদ ফারুক হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র ও আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক ছাড়াও বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
