২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা প্রণয়নের সময়সীমা আবারো বাড়ছে

ভোটার তালিকা প্রণয়ন নিয়ে আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তি না হওয়ায় নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রস্তুতের সময়সীমা আবারো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে চারবার ভোটার তালিকা প্রনয়ণের মেয়াদ বাড়ানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এবার কোনো নির্দিষ্ট মেয়াদের পরিবর্তে অনির্দিষ্টকালের  জন্যে মেয়াদ বাড়ানো হচ্ছে। এতে নির্বাচন কমিশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রণয়নের কাজ চলবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বারবার ভোটার তালিকা প্রণয়নের মেয়াদ বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়।

সূত্র জানায়, ভোটার তালিকার ব্যাপারে আদালতে বিচারাধীন মামলার শুনানির তারিখ বারবার পেছানোর কারণে নির্বাচন কমিশন আর কোনো নির্দিষ্ট মেয়াদের জন্যে সময় না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

আগামী রোববার কমিশন এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে।