২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া এনার্জির সাথে ফুলবাড়ী কয়লাখনি চুক্তির প্রতিবাদে হিজবুত তাহরিরের বিক্ষোভ

মৌলবাদী ইসলামী সংগঠন হিজবুত তাহরির বাংলাদেশের নেতৃবৃন্দ শুক্রবার ফুলবাড়ী কয়লাখনির দায়িত্ব এশিয়া এনার্জিকে দেওয়ায় ক্ষমতাসীন বিএনপি সরকারের সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

এশিয়া এনার্জির সাথে স্বাক্ষরিত চুক্তিকে দেশের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে হিজবুত তাহরির নেতৃবৃন্দ দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে সারাদেশে গণ আন্দোলন করার জন্য তাদের রাজনৈতিক দলের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানান।

বিএনপি--জামাত জোট সরকারকে চোর ও লুটেরা আখ্যা দিয়ে হিজবুত তাহরির বাংলাদেশের যুগ্ম সমন্বয়ক কাজী মোরশেদুল হক বলেন, বর্তমান সরকার পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদীদের সহযোগী।

শুক্রবার জুমআর নামাজের পর রাজধানীর পল্টন ময়দান এলাকায় মিছিল শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হিজবুত তাহরির সমাবেশের আয়োজন করে।

সমাবেশে মোরশেদুল হক বলেন, কয়লাখনি চুক্তি দেশের দুর্নীতির সবচেয়ে জঘন্য উদাহরণ। বিএনপি ও আওয়ামী লীগ এ চুক্তির পিছনে এশিয়া এনার্জির সহযোগী হিসেবে কাজ করেছে।

তিনি বলেন, কোম্পানিটি সেখানে তাদের প্রকল্পের কাজ শুরু করলে ৫০ হাজার লোক তাদের পৈত্রিক ভিটেমাটি থেকে উচ্ছেদ হবে ও ১০ হাজার একরের মতো জমি সাগরে পরিণত হবে।

তিনি বলেন, বর্তমান সরকার সাম্রাজ্যবাদীদের দালাল। বাংলাদেশের মতো বিভিন্ন দেশ থেকে প্রাকৃতিক সম্পদ লুটের পর মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে মুসলমানদের নিধন করছে।

সমাবেশে বক্তারা বাংলাদেশ থেকে এশিয়া এনার্জির কর্মকর্তাদের বহিষ্কারের দাবি জানান। পাশাপাশি ইসলামের বিধান অনুযায়ী সরকার ব্যবস্থা প্রবর্তনের তারা মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাদের ভাষায়, ইসলামী রাষ্ট্রই কেবল ইসলামের বিরুদ্ধে মার্কিন হুমকিকে প্রতিহত করতে পারে।

সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটি সদস্য প্রকৌশলী আহমেদ জামাল ইকবাল বক্তব্য রাখেন।