সংস্কারের বিষয়ে আব্দুল জলিলকে মান্নান ভূঁইয়ার ২য় চিঠি
নির্বাচন কমিশন ও তত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের প্রশ্নে স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলকে দ্বিতীয় দফায় চিঠি দিয়েছেন। শুক্রবার বিকাল ৪ টায় এ চিঠি পাঠানো হয়।
এরআগে শুক্রবার সকালে মান্নান ভূইঁয়া ওই চিঠির ব্যাপারে জলিলের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, বিএনপির দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও সহকারি প্রচার সম্পাদক আহমেদ মুসা আব্দুল জলিলের গুলশানের বাসায় গিয়ে ওই চিটি হস্তান্তর করেন।
পরে আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, চিঠি আসবে, চিঠি যাবে। কিন্তু আন্দোলনের মাধ্যমেই সংস্কার ইস্যুতে বিজয় ছিনিয়ে আনা হবে।
তিনি বলেন, বৃহস্পতিবার সচিবালয়ের সামনের অবস্থান ধর্মঘট কর্মসূচির আগের এই চিঠি এলে ভাল হতো। কারণ ওই কর্মসূচি থেকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সরকারকে ‘না’ বলে দিয়েছে।
তিনি আরো বলেন, তারপরেও আমরা ১৪ দল চিঠিটির বিষয়ে বসে সিদ্ধান্ত নেবো। এ বিষয়ে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গেও আমরা কথা বলবো এবং তার পরেই চিঠির বিসয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
