২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবনির্বাচিত কমিটিকে এসসিবিএ’র অভিনন্দন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) বিদায়ী সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক এম ইনায়েতুর রহিম শুক্রবার এসসিবিএ নির্বাচনে নিরঙ্কুশ ব্যবধানে বিজয়ী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি ব্যারিস্টার এ আমির--উল--ইসলাম ও সাধারণ সম্পাদক এএম আমিন উদ্দিনসহ অন্যান্য সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 05:02 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বিরোধী দল সমর্থিত আইনজীবীদের ফোরাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এসসিবিএ’র ১৪টি পদের সবকটিতেই জয়লাভ করেছে। বুধবার ও বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১,৬২২ জন ভোটারের মধ্যে ১,৪৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এসসিবিএ’র বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক শুক্রবার এক বিবৃতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করতে সুপ্রিম কোর্টের সকল আইনজীবী, প্রার্থী, এসসিবিএ’র স্টাফ ও নির্বাচন কমিশনের সকলকে ধন্যবাদ জানান।

তারা বলেন, এসসিবিএ’র ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে দু’দিনের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণ প্যানেলে বিজয় অর্জন এটাই প্রমাণ করে, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় আইনজীবীরা ঐক্যবদ্ধ।

এসসিবিএ’র বর্তমান কমিটি ২ এপ্রিল নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।

এদিকে এসসিবিএ’র নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার আমির--উল--ইসলাম সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের এসসিবিএ’র নির্বাচনে অর্জিত নিরঙ্কুশ বিজয়কে আইনজীবী ও জনগণের ঐক্যের বিজয় হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার রাতে এসসিবিএ’র নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার আমির--উল--ইসলাম এ মন্তব্য করেন।

তিনি বলেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় বাস্তবায়ন করার পক্ষে কাজ করবে।

তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও কারচুপিহীনভাবে এসসিবিএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যান্য সকল নির্বাচন যাতে এ রকম অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সে জন্যে এ ধরনের নির্বাচনের পরিবেশ আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আমরা আশা করি, দেশের জনগণের মধ্যে এ ধরনের ঐক্য সৃষ্টি হবে।

তিনি বলেন, যারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নষ্ট করতে চায় আমরা তাদের প্রকৃত চেহারা উন্মোচন করবো।

প্রসঙ্গত, সভাপতি পদে ব্যারিস্টার আমির - উল - ইসলাম ৮৪০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকারসমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের হাবিবুল ইসলাম ভূঁইয়াকে (৫০০ ভোট) পরাজিত করেন। 

সাধারণ সম্পাদক পদে এ এম আমিন উদ্দিন ৭৩৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ঐক্য ফোরামের আব্দুল্লাহ আল মামুনকে পরাজিত করেন। আল মামুন পেয়েছেন ৬০১ ভোট।

এছাড়া সহসভাপতি পদে আব্দুল মান্নান খান ও এটিএম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে মোঃ আকরাম হোসেন চৌধুরী, সহসম্পাদক পদে মোঃ আব্দুল মান্নান ও মোতাহার হোসেন সাজু নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে অরবিন্দ কুমার রায়, ফরিদ আহমেদ, জান্নাতুল ফেরদৌসী রূপা, মোঃ মোজাম্মেল হক রানা, পূরবী রানী শর্মা, শেখ আখতারুল ইসলাম ও এসএম ফজলুল হক নির্বাচিত হন।