গাইবান্ধার উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন এরশাদ
জাতীয় সংসদের গাইবান্ধা-৪ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
’৯১ ও ’৯৬ সালে বৃহত্তর রংপুরের পাঁচটি আসন থেকে নির্বাচিত সাংসদ এরশাদ দুর্নীতির মামলায় দন্ড কার্যকর হওয়ায় আইন অনুযায়ী ২০০১ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি।
এরশাদ বৃহস্পতিবার বিডিনিউজের কাছে তার প্রার্থীতার কথা স্বীকার করে বলেছেন, আগামী ৯ এপ্রিল তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে তার মনোনয়নপত্র দাখিল করবেন। ওই দিনই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
দলীয়ভাবে তার মনোনয়নপত্র দাখিল ও নির্বাচনী প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চলতি বছরের ৯ মে ওই আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ১০ এপ্রিল ও ২০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ দেশের সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ’৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন। তিনি তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহম্মেদের কাছে তার দায়িত্ব হস্তান্তর করেন। এরপরই তিনি গ্রেফতার হন।
কারাগারে থেকেই এরশাদ ’৯১ সালের ২৭ ফেব্র“য়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে তিনি বৃহত্তর রংপুরের পাঁচটি আসন থেকে সাংসদ নির্বাচিত হন। পরে ’৯৬ সালের ১২ জুনের নির্বাচনেও তিনি একই এলাকা থেকে পাঁচটি আসনে সাংসদ নির্বাচিত হন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে দায়ের করা ১৭টি দুর্নীতির মামলার মধ্যে একটিতে দন্ডাদেশ কার্যকর হওয়ায় তিনি আইনানুযায়ী ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিতে পারেননি।
প্রচলিত আইন অনুযায়ী কোনো মামলায় দন্ডপ্রাপ্ত আসামী দন্ডাদেশের মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছরের মধ্যে কোনো নির্বাচনে অংশ নিতে পারেন না।
সম্প্রতি তার দন্ডাদেশের মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর অতিক্রান্ত হলে এ উপনির্বাচনে তার প্রার্থিতার জটিলতা দূর হয়।
গাইবান্ধা-৪ আসনের ক্ষমতাসীন দলীয় সাংসদ আব্দুল মোত্তালিব আকন্দ গত ১১ মার্চ দুবাই সফরে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
