২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা ইস্যুতে জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে বিরোধী দল নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার যখন দেশে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তখন বিরোধী দল ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচীসহ  বিনা ইস্যুতে জ্বালাও পোড়াও কর্মসূচী দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশের উন্নয়ন চায় না। মানুষ ভালো থাকুক তা চায় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বৃহস্পতিবার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শহীদ আলী আহাম্মদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই যখনই এ দল ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, বিরোধী দল ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন করেনা। বরং আমরা করলে তাতে বাধা সৃষ্টি করে।

তিনি বলেন, স্বাধীনতার পর বিরোধী দল ক্ষমতায় থাকাকালীন বিদেশ থেকে শত শত কোটি টাকার ত্রাণ আসলেও জনগণকে না দিয়ে নিজেরা লুটপাট করেছে। এ কারণেই জনগণ তাদের ২০ বছর ভোট দেয়নি। একুশ বছর পর আবার ক্ষমতায় গিয়ে তারা দেশের প্রত্যেক জেলা উপজেলায় সন্ত্রাসী গডফাদার সৃষ্টি করে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা কেড়ে নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসার আগে দেশকে সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্র“তি দিয়েছি এবং প্রতিশ্র“তি রক্ষায় অপারেশন ক্লিনহার্টের মাধ্যমে সন্ত্রাস দমনের উদ্যোগ নিয়েছি। কিন্তু তাদের সময় দেশে এত অবৈধ অস্ত্র আসে যে তা উদ্ধার করতে র‌্যাব ও পুলিশের আধুনিকায়ন করতে হয়েছে। বড় বড় সন্ত্রাসীদের ধরা হয়েছে।

জঙ্গিদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলা ভাই ও শায়খ রহমানসহ বড় বড় জঙ্গিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইবুনালে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। বিদেশে জঙ্গি দমনে সরকারের সাফল্য প্রশংশিত হলেও বিরোধী দল এতে নাখোস।

দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সরকারের আমলে দেশে ব্যাপক কর্মসংস্থান হয়েছে। মানুষের আয় বেড়েছে। ফলে দ্রব্যমূল্য কিছুটা বাড়লেও মানুষের সমস্যা হচ্ছেনা। মানুষ এখন সুখে আছে। বিদ্যুত সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হচেছ দেশের চলমান ব্যাপক উন্নয়ন। আমরা লাখ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। দেশে শত শত শিল্প-কারখানা হয়েছে। এসব শিল্প কারখানায় বিদ্যুৎ দিতে কিছুটা সংকটের সৃষ্টি হয়েছে। তবে আমরা বিদ্যুৎ খাতেরও ব্যাপক উন্নয়ন করছি এবং আশা করছি সংকট কেটে যাবে।

প্রধানমন্ত্রী হাতিয়ার উন্নয়নে হরণী ও চানন্দীতে দু’টি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন, হাতিয়া পৌর ভবন নির্মাণ, নিঝুম দ্বীপের চারদিকে বেড়ী নির্মাণ, কাজীর হাট থেকে জাহাজমারা সড়ক সংস্কার, সোনাদিয়া, বুড়িরচর ও জাহাজমারা ইউনিয়নকে ভেঙ্গে ছয়টি ইউনিয়নের রূপান্তরের ঘোষণা দেন।

এর আগে প্রধানমন্ত্রী চব্বিশ কোটি টাকা ব্যায়ে নলচিরা-জাহাজমারা ৪৩ কিলোমিটার পাকা সড়কের পূর্ণ নির্মাণ কাজ উদ্বোধন করেন।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, পানি সম্পদমন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন, যুবদল সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্যা বুলু, প্রধানমন্ত্রী’র রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, এ্যাড: মাহাবুবুর রহমান এমপি, মো: শাহাজাহান এমপি, এমএ হাসেম এমপি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, হাতিয়া পৌরসভার চেয়ারম্যান এ্যাড: সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম।