সরকারের নির্যাতন ও সংস্কার নিয়ে টালবাহানা সত্ত্বেও আন্দোলনে জনতার বিজয় আসবেই: ১৪ দল নেতৃবৃন্দ
আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, সরকারের অত্যাচার নির্যাতন ও সংস্কার ইস্যুতে টালবাহানা সত্ত্বেও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনতার বিজয় আসবেই।
সচিবালয়ের সামনে বৃহস্পতিবার ১৪ দলের অবস্থান কর্মসূচি চলাকালে বঙ্গবন্ধু এভিনিউ ও বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশে আয়োজিত পৃথক সমাবেশে বক্তৃতাকালে তারা এ কথা বলেন।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, জনতার ঐক্যে ভীত ও আতংকগ্রস্ত জোট সরকার বুঝতে পেরেছে, তাদের সময় ঘনিয়ে এসেছে। তাই তারা আইনের অপপ্রয়োগ করে অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, জনগণের ঐক্য সুসংহত আমরা বিজয় আনবোই। জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেবো।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেন, জনতার ঐক্য হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনতার বিজয় হবেই। সংস্কার বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করে জোট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেন, সংস্কার দাবি না মেনে প্রধানমন্ত্রী হুংকার দিচ্ছেন। কিন্তু অতীতেও সকল স্বৈরাচারি সরকার জনগণের দাবি মানতে বাধ্য হয়েছে। খালেদা জিয়াকেও বাধ্য করা হবে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে স্টেডিয়ামের দক্ষিণ গেটের সামনে আয়োজিত সমাবেশে রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ মানিক, মাইনুদ্দিন খান বাদল, দিলীপ বড়–য়া, নুরুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সামাদ, শরিফ নুরুল আম্বিয়া, মুকুল বোস, আখতারুজ্জামান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. এইচবিএম ইকবাল, হাজী মোহাম্মদ সেলিমসহ ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
