বৃহস্পতিবারের ঘটনার পরও অব্যাহত থাকবে সংস্কার ইস্যুতে চিঠি চালাচালিসহ আলোচনা প্রক্রিয়া
বৃহস্পতিবার সচিবালয়ের সামনে বিরোধী দলের অবস্থান কর্মসূচিতে পুলিশের নিষেধাজ্ঞা আরোপ এবং গুলি, টিয়ার শেল নিক্ষেপ ও নির্যাতনের ঘটনার পরও সংস্কার বাস্তবায়নে সরকারের সঙ্গে ১৪ দলের আলোচনা এবং চিঠি চালাচালি প্রক্রিয়া অব্যাহত থাকবে।
তবে বৃহস্পতিবারের ঘটনা পুরো পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে অভিমত প্রকাশ করেছেন বিরোধী নেতৃবৃন্দ।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে আলোচনার প্রক্রিয়ার মাঝখানে সরকারের ভূমিকায় সন্দেহ প্রকাশ করে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, সরকার টালবাহানা করে কালক্ষেপণ করতেই নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করছে, যেন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হয়।
বৃহস্পতিবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি বানচাল করতে পুলিশের হামলা এবং সংঘর্ষের পর দুপুরে মতিঝিলের বাণিজ্যিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আব্দুল জলিল বলেন, আমরা আলোচনার বিরোধী নই। কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং পুলিশের ন্যক্কারজনক আক্রমণ স্বতঃস্ফূর্ত জনগণের ভয়ে ভীত জোট সরকারের ‘নার্ভাসনেস’রই প্রতিফলন।
তিনি বলেন, আমরা সরকারের দেওয়া চিঠির জবাব দিয়েছি মাত্র একদিন পরই। অথচ আটদিন হয়ে গেল, এর উত্তর পেলাম না। তারা চিঠির উত্তর না দিয়ে গণদাবি উপেক্ষা করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করলো। তারপরও চিঠি আসলে ১৪ দল বসে আমরা সিদ্ধান্ত নেব। তবে আলোচনার যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সরকার তা ইচ্ছেকৃতভাবে নষ্ট করলো।
গণ ফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, জনগণের ঐক্যে ভীত জোট সরকার সংস্কার বাস্তবায়নে কালক্ষেপণ করছে। তবে জনতার আন্দোলনের বিজয় আসবেই।
ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সংস্কার নিয়ে আলোচনা যেন না হয়, ইতিবাচক পরিবেশ যেন না থাকে, সে জন্যেই সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর আক্রমণ চালিয়েছে।
