১৪৪ ধারা জারি করে প্রধানমন্ত্রী দেশকে সংঘাতের পথে ঠেলে দিয়েছেন: দেশে ফিরে শেখ হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সংস্কার না মেনে সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মসূচিতে ১৪৪ ধারা জারি করে প্রধানমন্ত্রী দেশকে সংঘাতের পথে ঠেলে দিয়েছেন। আর অবরোধ সৃষ্টি করে প্রধানমন্ত্রী নিজেই আমাদের কর্মসূচি সফল করে দিয়েছেন।
আমেরিকা ও ইউরোপে দু’ সপ্তাহের সফর শেষে শেখ হাসিনা বৃহস্পতিবার ভোরে দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিনি বলেন, সচিবালয়ের সামনে এর আগেও আমরা এমন কর্মসূচি পালন করেছি। আমাদের সময়ে বিএনপিও এমন কর্মসূচি পালন করে। কিন্তু এখন ১৪৪ ধারা জারি করে প্রধানমন্ত্রী আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণœ করে দেশকে সংঘাতের পথে নিয়ে যেতে চান।
নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ভোট চুরি ঠেকাতে এবং জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। কারচুপি ছাড়া ক্ষমতায় আসা সম্ভব নয় বলে প্রধানমন্ত্রী তা মানতে চান না। ভোট কারচুপির ব্যবস্থা করে তারা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী ভোট চুরি করবেন; আর জনগণ তা বসে বসে দেখবেÑ এটা হতে পারে না।
সংস্কার প্রসঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগ কেন তাদের আমলে ওই সংস্কার করেনি? তিনি বলেছেন, সংস্কারের আদৌ কোনো প্রয়োজন নেই। বিরোধী দলের এটি নির্বাচনে অংশ গ্রহণ না করার একটি বাহানা। কারণ তারা জানে, নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত।
এর জবাবে শেখ হাসিনা বলেন, আমাদের শাসনামলে দুর্নীতি, ভোট কারচুপি ছিলো না। তাই তখন সংস্কারের প্রয়োজনও হয়নি।
ঢাকা ১০ আসনের উপনির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ গত সাড়ে চার বছরে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, জোট সরকারের সীমাহীন ভোট ডাকাতি ও কারচুপির কারণেই আজ সংস্কারের প্রশ্নটি এসেছে।
জোট সরকারের নিয়োগগৃত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, প্রধানমন্ত্রী কী ধরনের সিইসি নিয়োগ করলেন যে তাকে আদালত অবমাননায় অভিযুক্ত হতে হয়?
প্রধানমন্ত্রীর বুধবার রাজশাহীতে দেওয়া বক্তব্য জাতির কাছে স্পষ্ট নয় বলে উল্লেখ করে শেখ হাসিনা পাল্টা প্রশ্ন রাখেন, তিনি সংস্কার প্রস্তাবে বাহানার কি দেখলেন?
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে শেখ হাসিনা বলেন, একবার তিনি সংস্কার প্রশ্নে কমিটি গঠন করার কথা বলেন; আবার তিনি বলেন যে সংস্কারের দরকার নেই। এটি স্রেফ ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়।
তিনি জানতে চান, প্রধানমন্ত্রী সংস্কার নিয়ে আলোচনা করতে চেয়ে এখন আবার কেন বাহানার কথা বলছেন?
আওয়ামী লীগ প্রধান সংস্কারের প্রয়োজনীয়তার কথা আবারও ব্যাখ্যা করে বলেন, এ সরকার যেভাবে দুর্নীতি ও কারচুপি করেছে, তা আগে কখনও হয়নি। কারচুপি করতেই প্রধানমন্ত্রী বিচারপতিদের চাকরির বয়সসীমা দু’ বছর বাড়িয়েছেন। আগামী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেনÑ তা নিশ্চিত করতেই এটি করা হয়েছে।
শেখ হাসিনা অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের আন্তর্জাতিক সম্পাদক বঙ্গবন্ধুর এক হত্যাকারীর আত্মীয় এবং বঙ্গবন্ধু হত্যার বিচারকার্যে যিনি বিব্রতবোধ করেছিলেন। তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতেই বিচারপতিদের চাকরির বয়সসীমা দ’ুবছর বাড়ানো হয়েছে।
সাংবাদিকরা সুশীল সমাজ কর্তৃক আহুত ‘যোগ্য প্রার্থী আন্দোলন’ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, যোগ্য প্রার্থী যাচাইয়ের উদ্যোগ যারা নিয়েছে, তারা নিজেরা কতটুকু যোগ্যÑ সেটাও জনগণ যাচাই করবে।
শেখ হাসিনাকে স্বাগত জানাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সভানেত্রী ১৬ মার্চ কানের চিকিৎসার্থে আমেরিকা যান। ২৮ মার্চ তিনি লন্ডন আসেন। সেখান থেকে সরাসরি দেশে পৌঁছেন তিনি।
