সংস্কারের আদৌ প্রয়োজন নেই, এটি আওয়ামী লীগের বাহানা: রাজশাহীতে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবির আদৌ কোনো প্রয়োজন নেই। সংস্কারের প্রস্তাব আওয়ামী লীগের একটি বাহানা মাত্র ।
তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায় চারদলীয় জোটের পক্ষেই যাবে। তাই আওয়ামী লীগ একের পর এক ইস্যু সৃষ্টি করার চেষ্টা করছে।
রাজশাহীর মাদ্রাসা ময়দানে বুধবার বিএনপি আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
রাজশাহী সিটি মেয়র ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক, শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, বিমান প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দস তালুকদার দুলু, হুইপ রেজাউল বারী ডিনা, যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাংসদ কবীর হোসেন ও নাদিম মোস্তফা প্রমুখ।
খালেদা জিয়া বলেন, এখন তারা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার চায়। তারাও পাঁচ বছর ক্ষমতায় ছিল। তখন তারা এই সংস্কার করেনি কেন? আসলে সংস্কার কিছুই নয়, এটা আওয়ামী লীগের ইস্যু সৃষ্টির কৌশল মাত্র।
জঙ্গি সৃষ্টির জন্য আওয়ামী লীগকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তারা নিজেরাই জঙ্গি সৃষ্টি করে ফায়দা লুটতে চেয়েছিলো। তাদের সময়ও বোমাবাজি হয়েছে। তারা বোমাবাজদের ধরেনি। কিন্তু জোট সরকার দ্রুত বিচার আদালত ও র্যাব গঠন করে শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের দমনে সাফল্য অর্জন করেছে। আর আওয়ামী লীগ চেয়েছিলো সন্ত্রাস অব্যাহত রাখতে।
তিনি বলেন, বর্তমান সরকার এতো বেশি উন্নয়ন করেছে যে বলে শেষ করা যাবে না। জোট সরকারের উন্নয়ন দেখে বিরোধী দল দিশেহারা হয়ে পড়েছে। শেখ হাসিনার সরকার দেশে শুধু সন্ত্রাস আর গডফাদার সৃষ্টি করেছিলো। তখন দেশের মানুষ ছিলো অস্থির ও নির্যাতিত।
খালেদা জিয়া বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এখানে প্রচুর জনশক্তি ও সম্পদ রয়েছে। বিএনপি শহীদ জিয়ার কর্মসূচির ভিত্তিতে এ সম্পদকে কাজে লাগাতে চায়। আমরা বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে চাই।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম বেড়েছে। এতে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। আর মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে। তবে বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখবে। তখন বিদ্যুতের সমস্যাও থাকবে না।
আগামীতে জোট সরকার নির্বাচিত হলে রাজশাহীতে প্রাকৃতিক গ্যাস ও টেস্ট ভেন্যু দেওয়া হবে বলে তিনি প্রতিশ্র“তি দেন।
