২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হউন : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনকে বেগবান করার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন। ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে বুধবার তিনি এক বাণীতে বলেন, সরকারের দুর্নীতি, লুটপাট, দলীয়করণ ও ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আজ দারুণভাবে ক্ষতিগ্রস্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 02:19 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

শেখ হাসিনা বলেন, দেশের নির্বাচন পদ্ধতিও তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রশ্নে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। দুর্বার গণআন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাত জোট সরকারের পতন ঘটিয়ে দেশ ও দেশের মানুষকে বাঁচানো আজ প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষ আজ এই ব্যর্থ, স্বৈরাচারী ও দুর্নীতিবাজ বিএনপি-জামাত জোট সরকারের অপসারণ থেকে মুক্তি চায়।

তিনি বলেন, ভোট ও ভাতের দাবিতে দেশব্যাপী গড়ে ওঠা তীব্র গণআন্দোলনের মুখে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকার ১৯৯৬ সালের এই দিনে গণআন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ১৯৯৬ সালের ফেব্র“য়ারিতে ভোট কারচুপি ও ভোটচুরির এক তরফা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ৫ বছর ক্ষমতায় থাকবে বলে দম্ভ করেছিল। দেশের মানুষ ভোটচুরির ওই নির্বাচন প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অসাংবিধানিক পদ্ধতিতে, অবৈধভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করে এদেশে ভোট চুরির নির্বাচন চালু করে।জিয়া ১৯৭৭ সালে তথাকথিত হাঁ-না ভোট করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে নিজের পক্ষে ৯৯ ভাগ ভোট নিয়ে নেয়। ১৯৭৮ সালে সামরিক শাসন বহাল রেখে প্রেসিডেন্ট নির্বাচনে প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করে গায়ের জোরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়।

শেখ হাসিনা বলেন, ১৯৭৯ সালে জিয়া বহুদলীয় গণতন্ত্রের নামে জাতীয় সংসদ নির্বাচন ও একই পথ অনুসরণ করে নির্বাচনের অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ পদ্ধতি বিনষ্ট করে।

তিনি বলেন, বিএনপি-জামাত জোট ক্ষমতা দখলের পর আজ মানুষের জানমালের নিরাপত্তা নেই। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সীমিত আয়ের মানুষ দিশেহারা।

বিরোধী দলীয় নেত্রী বলেন, আওয়ামী লীগসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর চলছে হত্যা, গ্রেপ্তার ও নির্যাতন। দেশব্যাপী বোমা ও গ্রেনেড হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে।

তিনি বলেন, এই সরকারের আমলে বিচারক, শিক্ষক, সাংবাদিক বুদ্ধিজীবীসহ কোন শ্রেণী পেশার মানুষই নিরাপদ নয়।