৩১ মার্চ পল্টনে মহাসমাবেশের অনুমতি পায়নি ইশা আন্দোলন, যেকোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা
ফিফা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের নিরাপত্তার কথা বলে জাতীয় ক্রীড়া পরিষদ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে ৩১ মার্চ পল্টন ময়দানে মহাসমাবেশ করার অনুমতি দেয়নি।
বুধবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, তিন মাস আগে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হলেও তখন কর্তৃপক্ষ এ ব্যাপারে তাদের কিছুই জানায়নি।
তারা বলেন, এখন শেষ মুহূর্তে এসে সরকার তাদের পরিকল্পিতভাবে গণতান্ত্রিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতারা ২৪ ঘন্টার মধ্যে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দেওয়া না হলে যেকোনো মূল্যে ৩১ মার্চ পল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দেন।
সংগঠনের পুরানা পল্টনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজী বলেন, চরমোনাই পীরের নেতৃত্বে ব্যাপক শোডাউন হতে পারে, এই ভয়ে সরকার পরিকল্পিতভাবে তাদের সমাবেশ বানচাল করার চেষ্টা করছে।
৩১ মার্চ সমাবেশ করতে না দিলে যেকোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট সরকারের শরীক জামায়াতে ইসলামীর ষড়যন্ত্রের কারণে তাদের পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েতউদ্দিন আহম্মেদ, মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক বেলায়েত হোসেন, সুফী হাবিবুর রহমান প্রমুখ।
