২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণ কর্মসূচিতে নিষেধাজ্ঞা অগণতান্ত্রিক, আন্দোলন চলবে: ১৪ দল

১৪ দল বৃহস্পতিবার অনুষ্ঠেয় তাদের সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির ওপর পুলিশের নিষেধাজ্ঞা জারি করার ঘটনাকে ‘সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

১৪ দলের নেতারা বলছেন, সরকারের বাধা ও দমননীতি উপেক্ষা করেই তাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।

১৪ দলের লিয়াজোঁ কমিটি মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক জরুরি বৈঠকে বসে।

ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) মঙ্গলবারই সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সচিবালয় ও এর আশেপাশের এলাকায় সভা -- সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

১৪ দলের বৈঠকে কর্মসূচি তথা অবস্থান, সমাবেশ ও মিছিলে পুলিশি নিষেধাজ্ঞাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠক থেকে সরকারের এ ধরণের পদক্ষেপকে অগণতান্ত্রিক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়।

সকল বাধা উপেক্ষা করে ওই কর্মসূচি সফল করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠক থেকে যেখানে বাধা আসবে সেখানেই অবস্থান নেওয়ার জন্য ১৪ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

এ ব্যাপারে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজকে বলেন, সরকার একদিনে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে আলোচনার কথা বলছে, অন্যদিকে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, সরকারের এ দ্বিমূখি আচরণ জনগণ মেনে নেবে না।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ এক বিবৃতিতে ডিএমপির ওই নিষেধাজ্ঞা জারি করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ১৪ দলের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে জোট সরকার অতীতের সামরিক স্বৈরশাসকের ঘৃণ্য অগণতান্ত্রিক পথ গ্রহণ করেছে।

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা জারি করে দমন - পীড়ন চালিয়ে জনগণের গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।