ভাব দেখিয়ে কোনো সমস্যার সমাধান হবে না, খোলা মনে আলোচনায় আসুন: বিরোধী দলের প্রতি মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া আবারো বিরোধী দলকে খোলা মন নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা এখনও বিরোধী দলের দেওয়া সংস্কার প্রস্তাবের কোনো কিছুই মানিনি আবার প্রত্যাখ্যানও করিনি।
স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত র্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভাব দেখিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে। খোলা মন নিয়ে আলোচনায় এসে সকলে মিলে সিদ্ধান্ত নিতে হবে।
পরে নয়াপল্টন থেকে মহাসচিব মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সহ-সভাপতি বনমন্ত্রী তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস ও যুবদল সভাপতি বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লা বুলুর নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়।
র্যালিতে সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সাংসদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এতে বিএনপি--জামাত জোট সরকারের সাড়ে চার বছরের সাফল্যের প্রদর্শনী করা হয়।
র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়। মির্জা আব্বাস এতে সমাপনি বক্তব্য রাখেন।
মান্নান ভূঁইয়া বিরোধী দলের উদ্দেশে বলেন, প্রস্তাবের বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আসুন জনগণের কাছে যাই। কয়েক মাস পর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। এরপর নির্বাচনে জনগণই তাদের রায় দেবে। জনগণ যাকে ভোট দেবে, তারাই ক্ষমতায় আসবে।
তিনি বলেন, এদেশে এ পর্যন্ত যা উন্নয়ন হয়েছে, তার সবই করেছে বিএনপি। বিরোধী দল সহযোগিতা করলে আরো অনেক বেশি উন্নয়ন করতে পারতাম। কিন্তু বিরোধী দল সরকারকে প্রথম থেকেই কোনো সহযোগিতা করেনি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণ আগামীতেও বিএনপিকেই ক্ষমতায় আনবে। জনগণ জানে, বিএনপি ছাড়া কোনো উপায় নেই।
বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মীদের মধ্যে ইস্পাত কঠিণ ঐক্য প্রতিষ্ঠা শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন জাতীয় ঐক্যের মাধ্যমে স্বাধীনতার সুফল দেশের মানুষের ঘরে ঘরে পৌছে দিই।
মান্নান ভূঁইয়া বিরোধী দল আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দেশের মানুষ স্বাধীনতার জন্যে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। কিন্তু তারা সময়মতো স্বাধীনতার ঘোষণা দিতে পারেনি। সময়মতো স্বাধীনতার ঘোষণা দিলে এত রক্তক্ষয় হতো না। আমরা আরো দ্রুত স্বাধীন হতে পারতাম।
তিনি বলেন, আওয়ামী লীগ সে সময় জাতিকে হতাশ করলেও জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।
