জামাতে ইসলামী হচ্ছে বিএনপি, আ’লীগ ও জাপা’র লুটপাটের রাজনীতির দোসর: হিজবুত তাহরীর প্রধান
হিযবুত তাহরীর বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ বলেছেন, জামাতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লুটপাটের রাজনীতির দোসর হিসেবে কাজ করছে।
“স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জুলুম নির্যাতনের সহায়ক হিসেবে কাজ করছে জামাত। তাদের কোন স্বতন্ত্র অবস্থান নেই। তারা সাম্রাজ্যবাদীদের তাঁবেদার,” হিযবুত তাহরীরের সাথে জামাতসহ বিভিন্ন ইসলামী দলের তুলনামূলক আলোচনাকালে মহিউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিযবুত তাহরীরের ভূমিকা, বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ, আন্তর্জাতিক জঙ্গিবাদী দলগুলোর সাথে তাহরীরের সম্পর্ক এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিপরীতে ‘খিলাফত’ কায়েমের বিষয়ে বিডিনিউজ এর সাথে বিস্তারিত আলাপ করেন মহিউদ্দিন আহমেদ।
“আমরা রাজনৈতিক দল হলেও প্রচলিত পদ্ধতিতে কোন নির্বাচনে অংশগ্রহণ করবো না। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচলিত রাজনীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক ক্যাম্পেইন করবো আমরা,” মহিউদ্দিন বলেন।
তিনি বলেন, নির্বাচনী ডামাডোল যখন চলবে তখন আমরা সভা সমাবেশ এবং ব্যাপক পোস্টারিংয়ের মাধ্যমে পাঁচটি মৌলিক প্রশ্নের ভিত্তিতে জামাতসহ সকল রাজনৈতিক দলের লুটপাটের চিত্র জনগণের কাছে তুলে ধরবো।
তিনি জানান, বাংলাদেশে রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ, জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া, বিএনপি - আওয়ামী লীগ - জাতীয় পার্টি ও জামাতের লুটপাটের রাজনীতি, বিভিন্ন মৌলিক ও নাগরিক সমস্যা এবং ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনার বিষয় জনগণের সামনে তুলে ধরে প্রচারাভিযান চালাবে দলটি।
বাংলাদেশের বিভিন্ন ইসলামী দলের সাথে তার দলের তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরে মহিউদ্দিন বলেন, “তাদের সাথে পদ্ধতিগতভাবে আমরা সম্পূর্ণ আলাদা।”
“তবে খিলাফত প্রতিষ্ঠার বিষয়ে আমরা বিভিন্ন সময় ছোট ছোট ইসলামী দল যেমন খিলাফত মজলিশ, ইসলামী শাসনতন্ত্র, জমিয়তুল ওলামা, খিলাফত আন্দোলনের সাথে বৈঠক করেছি। যেদিন দেশে খিলাফতের জন্য গণআন্দোলন সৃষ্টি হবে, সেদিন এইসব ইসলামী দল আমাদের সাথে একীভূত হয়ে যাবে,” মহিউদ্দিন বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সশস্ত্র পথে নয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা দেশে ইসলামী শাসন কায়েম করতে চান। “জেএমবি কোরআন ও সুন্নাহ্ পরিপন্থী কাজ করেছে।”
তিনি বলেন, বড় ইসলামী দলগুলো আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাথে একজোট হয়ে রাজনীতি করছে। একটা সময় আসবে যখন এ দলগুলো অনুধাবন করবে তাদের রাজনীতিতে মানুষের উপকার হচ্ছে না।
১৯৭১ সালের হানাদার পাকিস্তানী বাহিনীর গণহত্যা ও তাদের দোসর জামাতের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনীর নিষ্ঠুর হত্যাযজ্ঞে যারা সহায়তা করেছে তাদের বিচার হওয়া উচিত। ৩৫ বছরেও এসব অপরাধীদের বিচার না হওয়া দুঃখজনক।
তিনি বলেন, বিচার হলে পরবর্তী প্রজন্ম এর দায়ভার থেকে মুক্ত থাকতো। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে যেসব হত্যাকান্ড ঘটেছে জাতির সামনে তা নিরপেক্ষভাবে উপস্থাপন করা উচিত।
বাংলাদেশের রাজনৈতিক হত্যাকান্ড সম্পর্কে হিযবুত তাহরীর প্রধান বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা এবং সামরিক শাসক এরশাদের নয় বছরের শাসনামলে যেসব রাজনৈতিক হত্যাকান্ড ঘটেছে সেসব হত্যাকান্ডের বিচার হওয়া উচিত।
“কে কার বিচার করবে? রাজনৈতিকদলগুলোই তো কোনো না কোনোভাবে এসব হত্যার সাথে জড়িত,” মহিউদ্দিন বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার জন্য বিদেশি শক্তির জড়িত থাকার কথা পত্রিকা পড়ে জেনেছি। অথচ খালেদা জিয়া ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এবং শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার জন্য এখন বিদেশি শক্তির সহায়তা নিতে প্রস্তুত। খিলাফত প্রতিষ্ঠা হলে বাংলাদেশ নিয়ে যেসব বিদেশী শক্তি ষড়যন্ত্র করেছে তাদের স্বরূপ উন্মোচন করা হবে। সব হত্যাকান্ডের বিচার করা হবে,” মহিউদিন বলেন।
