র্যাব হেফাজতে বিচারবহির্ভূত ২০৪ জনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে এসসিবিএ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) সোমবার বিগত দুবছরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) হেফাজতে এনকাউন্টার ও ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূতভাবে মৃত্যুবরণকারী ২০৪ জনের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করেছে।
এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক এম ইনায়েতুর রহিম এক বিবৃতিতে র্যাবকে ২০০৫ সালের স্বাধীনতা পদক দেওয়ার জন্যে সরকারের নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড একদিকে যেমন স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন, অপরদিকে বিদেশে এটি দেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে। তাদের ভাষায়, এর ফলে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।
এতে বলা হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্যে বাংলাদেশের ব্যাপক সমালোচনা করা হয়েছে। হত্যাকাণ্ডের নির্বাহী তদন্ত অনেক ক্ষেত্রেই অবাস্তব, অমানবিক, অবিচারের সামিল এবং সংবিধান, প্রচলিত আইন ও বিচারবিভাগের প্রতি অনাস্থা প্রকাশ।
এসসিবিএ সভাপতি ও সম্পাদক বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের কাছে অর্পণ না করে এনকাউন্টার ও ক্রসফায়ারের নামে র্যাবসহ আইনপ্রয়োগকারী সংস্থার হেফাজতে হত্যাকাণ্ড এবং সরকারের ছত্রছায়ায় থেকে দেশের বিদ্যমান সংবিধান, আইন ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে নেয়া জঙ্গিদের অবস্থান একই ধরনের অপরাধ।
তারা বলেন, তাদের লক্ষ্য এক ও অভিন্ন।
তারা আরো বলেন, বিএনপি-জামাত জোট সরকার র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করছে। আর র্যাবকে স্বাধীনতা পদক দিয়ে সরকার জাতির সাথে উপহাস করেছে।
