২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জাপার (এ) ২ গ্র“পের অন্তর্কোন্দলে ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী পণ্ড

নীলফামারী জেলা জাপার (এ) দু’টি গ্র“পের অন্তর্কোন্দলের জের ধরে সোমবার জাতীয় ছাত্র সমাজের জেলা শাখার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচী পণ্ড হয়ে গেছে। সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘাত এড়াতে সভাস্থলে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

জেলা ছাত্র সমাজের আহ্বায়ক তরিকুল ইসলাম বাবু জানান, দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্যে শহরে র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের জন্যে জেলা জাপার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের কাছে দলীয় কার্যালয় ব্যবহারের অনুমতি চাওয়া হলে তিনি অনুমতি দেননি। পরে স্থানীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়। এতে জাপার (এ) কেন্দ্রীয় কমিটির সহ - সভাপতি আহসান আহমেদকে প্রধান অতিথি ও উপজেলা জাপা সভাপতি শাহজাহান চৌধুরীকে বিশেষ অতিথি করে ছাত্র সমাজের কর্মসূচী ঘোষণা করা হয়।

সকাল ১০ টার দিকে জেলা জাপার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী এসে কর্মসুচীর ব্যানার ছিড়ে ফেলে। এক পর্যায়ে বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্র সমাজের নেতা - কর্মীদের ভয়-ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এরপর ছাত্র সমাজের একটি র‌্যালি শহর প্রদক্ষিণের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

বাবু আরো অভিযোগ করে বলেন, ১৪৪ ধারা জারির কথা বলে পুলিশ তাদের র‌্যালি ও সমাবেশ করতে দেয়নি।

এ ব্যাপারে জয়নাল আবেদীন জানান, ছাত্র সমাজের ব্যানারে যারা প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেছিল তারা সকলেই বিদিশার পক্ষের নেতা - কর্মী। তাই এরশাদ সমর্থকরা বিদিশার সমর্থকদের প্রতিহত করেছে মাত্র।

এ ব্যাপারে জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী বলেন, ১৪৪ ধারা জারি করা হয়নি। তবে সংঘাত এড়াতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃতে পুলিশ মোতায়েন করা হয়।