২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি বিচারপতি এমএ আজিজ ও সাংসদ নুরুল ইসলাম মনির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদালত অবমাননা রুল জারি

সুপ্রিম কোর্ট সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ ও ক্ষমতাসীন বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনির বিরুদ্ধে একটি সুয়োমোটো রুল জারি করেছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ভোটার তালিকা প্রণয়নের ওপর হাইকোর্ট প্রদত্ত রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা লিভ টু আপিলের সাথে একটি চিঠি সংযোগ করার প্রেক্ষিতে আদালত এ রুল জারি করলেন। আদালতের মতে, এ ধরনের চিঠি সংযোগের মাধ্যমে বস্তুত দেশের সর্বোচ্চ আদালতের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ ঘটেছে।

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের একটি  পূর্ণ আদালত সোমবার জারিকৃত রুলে এ ব্যাপারে কেন সিইসি আজিজ ও বিএনপি সাংসদ মনির বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হবে না সে মর্মে তাদেরকে ৯ এপ্রিলের মধ্যে কারণ দর্শাতে বলেছেন।

বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ৪ ফেব্র“য়ারি বিশেষ দূত মারফত নির্বাচন কমিশনের প্রধান কৌসুলি অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপি’র কাছে একটি গোপনীয়  ও জরুরি চিঠি পাঠান।

চিঠিতে তিনি উল্লেখ করেন, প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদ ড. আলাউদ্দিন আহমেদ এটিএন বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের এক টকশোতে অংশগ্রহণের আগে তাকে (মনি) বলেছেন, ৬ ফেব্র“য়ারির পর সিইসি আজিজকে পদত্যাগ করতে হবে।

উল্লেখ্য, নতুন ভোটার তালিকার ওপর হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়ের করার লিভ টু আপিলের শুনানি ৬ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্বাচন কমিশন ৫ ফেব্র“য়ারিতে দায়ের করার লিভ টু আপিলের সাথে চিঠিটি সংযুক্ত করে দেয়। শুনানি স্থগিত ও শুনানির তারিখ পুনর্নির্ধারণ করতে নির্বাচন কমিশন সেদিনই হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করে।

প্রধান বিচারপতির আদালতে বিচারকের কোরাম সংকট, আবেদনকারীর পক্ষের প্রধান কৌসুলি ড. কামাল হোসেনের আদালতে অনুপস্থিতি এবং নির্বাচন কমিশনের সময় চেয়ে আবেদন করায় এর আগে মামলার শুনানি পাঁচবার স্থগিত হয়। ১২ মার্চ আপিল বিভাগ মামলার শুনানি ২৭ মার্চ নির্ধারণ করে।

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তোফাজ্জল ইসলাম ও বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদালতে সোমবার শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে আপিল বিভাগ দায়েরকৃত আবেদনসহ নুরুল ইসলাম মনির চিঠিটি পড়ে শোনানো হয়। 

নির্বাচন কমিশন কেন লিভ টু আপিলের সাথে চিঠি সংযুক্ত করেছে এবং সুপ্রিম কোর্টের ওপর চিঠির প্রেরক ও নির্বাচন কমিশনের আস্থা রয়েছে কিনা তা জানাতে আদালত অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদকে নির্দেশ দিয়েছেন।

অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আদালতকে জানান, সুপ্রিম কোর্টের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় লিভ টু আপিলের সাথে চিঠিটি সংযুক্ত করা হয়েছে।

আদালত শুনানি আধ ঘন্টার জন্যে স্থগিত রাখার পর সিইসি ও নুরুল ইসলাম মনির বিরুদ্ধে রুল জারি করেন।

এ ব্যাপারে ড. কামাল হোসেন বিডিনিউজকে বলেন, দেশের সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রিম কোর্ট তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে আদালতের ভাবমূর্তি সমুন্নত রাখতে এ পদক্ষেপ নিয়েছেন।

অ্যাডভোকেট মাহবুবউদ্দিন বলেন, সিইসি আজিজ ও নুরুল ইসলাম এমপি ৯ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টের নোটিশের জবাব দেবেন। তারপর সুপ্রিম কোর্ট পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।

দুই নির্বাচন কমিশনারের সম্মতি ছাড়া নতুন ভোটার তালিকা প্রণয়ন করতে প্রধান নির্বাচন কমিশনারের গৃহীত উদ্যোগ গ্রহণ ও রাজনৈতিক বিবেচনায় কর্মচারি নিয়োগের সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের তিন এমপি আব্দুল জলিল, অ্যাডভোকেট রহমত আলী ও আসাদুজ্জামান নূর ২০০৫ সালের ১২ ডিসেম্বর হাইকোর্টে দু’টি পৃথক রিট আবেদন দাখিল করেন। 

হাইকোর্ট ৪ জানুয়ারি পাঁচ দফা নির্দেশনা দিয়ে রিটের রায় দেন। নির্বাচন কমিশন ১ ফেব্র“য়ারি হাইকোর্টের তিনদফা নির্দেশনা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করে। ২ ফেব্র“য়ারি আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি আমিরুল কবীর চৌধুরী লিভ টু  আপিলের শুনানি নির্ধারণ করেছিলেন ৬ ফেব্র“য়ারি।

৫ ফেব্র“য়ারি সিইসির সম্পূরক আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারক নিয়ে আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ আদালতে ১৯ ফেব্র“য়ারি শুনানির তারিখ পুনর্নির্ধারণ করা হয়।

রাষ্ট্র পক্ষে এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অতিরিক্ত এটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান, ফিদা এম কামাল,  নির্বাচন কমিশনের পক্ষে টিএইচ খান এবং রিট আবেদনাকারীদের পক্ষে ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার তানিয়া আমির, ব্যারিস্টার সারাহ হোসেন, ব্যারিস্টার তানজিবুল আলম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ আদালতে মামলা পরিচালনা করেন।