২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতি যথাযোগ্য মর্যাদায় রোববার স্বাধীনতা দিবস পালন করছে

স্বাধীনতার জন্যে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারি ৩০ লাখ বীর শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ মা -- বোনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং দেশে জঙ্গিদের নাশকতামূলক তৎপরতা প্রতিরোধের শপথ নিয়ে জাতি যথাযোগ্য মর্যাদায় রোববার ৩৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এদিন জাতি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বাঙ্গালির শ্রেষ্ঠ সন্তানদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করছে।

দিবসটি উপলক্ষে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আলোকসজ্জিত করা হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপগুলোতে রংবেরংয়ের পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় অনুষ্ঠানের মধ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন, ফুটবল টুর্নামেন্ট, দেশীয় খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশে পৃথক পৃথক বাণী দিয়েছেন।

বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রোববার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। এর পরপরই জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ক্ষমতাসীন দল বিএনপি, বিরোধী দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বিকল্প ধারাসহ বিভিন্ন সামাজিক -- সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ এবং একে একে সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে।

এছাড়াও আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জাসদ ছাত্রলীগ, গণফোরাম ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক জাতীয় পার্টি, গণতন্ত্রী পার্টি, বাসদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করে।

সকাল ৯টায় রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত কুচকাওয়াজে বাংলাদেশ সেনা, নৌ, বিমান বাহিনী, বিএনসিসি, বাংলাদেশ কোস্টগার্ড, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ভিডিপি এবং মুক্তিযোদ্ধাদের সালাম গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কুটনীতিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ রাষ্ট্রপতির সালাম গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিকেলে রাষ্ট্রপতি বঙ্গভবনে মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর বাদ্যদল রাজধানীর ক্রিসেন্ট লেক, ফার্মগেট ও মিরপুর স্টেডিয়াম এলাকায় পৃথক পৃথকভাবে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাদ্য পরিবেশন করে।

পাশাপাশি রাজধানীর সদরঘাট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মংলা এবং বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর কয়েকটি জাহাজ বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জনগণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের কারাগারগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হয়। এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ৭০ জন কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়।

এছাড়াও দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।