নির্বাচনী জোটে না থাকলেও ১৪ দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা থাকবে বিকল্প ধারার, বিএনপিসহ অন্যান্য দলের ৩০ এমপি যোগ দিচ্ছেন: মাহী
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে নির্বাচনী জোট করবে না বিকল্প ধারা বাংলাদেশ। তবে আগামী জাতীয় নির্বাচনে ১৪ দলসহ স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে তাদের রাজনৈতিক সমঝোতা থাকবে।
বিকল্প ধারার মুখপাত্র মাহী বি. চৌধুরী এমপি শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে বলেছেন, খালেদা -- নিজামী সরকার হঠাতে ১৪ দলের সঙ্গে আমাদের মনস্তাত্বিক ঐক্য রয়েছে। তবে পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা পৃথক একটি রাজনৈতিক জোট করবো।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, শুধু বিএনপিই নয়, অন্য দল থেকেও ৩০ জনের বেশি এমপি বিকল্প ধারায় যোগ দেবে। যোগদানের প্রক্রিয়াও চলছে। তবে সম্ভাব্য যোগদানকারী এই এমপিরা বর্তমানে হুমকির মুখে রয়েছেন। নিরাপত্তার অভাবে তারা এখন মুখ খুলতে পারছেন না।
মাহী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ভয় দেখাবেন না কিংবা জোর করবেন না, এমন নিশ্চয়তা পেলে আরও বেশি সংখ্যক এমপি বিকল্প ধারায় আসতে পারেন।
তিনি বলেন, বিএনপিতে এখনও অনেক সৎ, যোগ্য নেতা ও সাংসদ রয়েছেন। আর চিহ্নিত কোনো দুর্নীতিবাজ সন্ত্রাসীদের জায়গা বিকল্প ধারায় হবে না বলে ঘোষণা দেন তিনি।
বিএনপিতে ফিরে যাওয়া সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দলের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী ইতোমধ্যে জানিয়ে দিয়ে বলেছেন: ‘নো, নেভার অ্যাণ্ড নো...’।
এ প্রসঙ্গে মাহী আরও বলেন, দল ভাঙার জন্যে কিংবা ষড়যন্ত্র করতে আমরা রাজনীতি করিনা। কারও বিরুদ্ধে নয়, দেশের মানুষের পক্ষেই আমাদের রাজনীতি।
বিকল্প ধারা নেতা জানান, তার দল যথাশীঘ্র সুবিধামতো সময়ে জোট সরকারের বিভিন্ন দুর্নীতির ব্যাপারে খাতওয়ারি খণ্ডচিত্র প্রকাশ করবে।
মাহী বি. চৌধুরী ছাড়াও দলের কেন্দ্রীয় নেতা ফিরোজ এম. হাসান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
