২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতি নিধারণী ক্ষেত্রে সরকারের নতুন কৌশল:  ভাবমূর্তি সংকট উত্তরণে বিদেশী সাংবাদিকদের অভিনন্দন

জঙ্গিবাদী তৎপরতার কারণে বহির্বিশ্বে বাংলাদেশের নষ্ট হওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য নীতি নিধারণী ক্ষেত্রে নতুন কৌশল গ্রহণের আভাস দিয়েছে বিএনপি-জামাত জোট সরকার।

আবু সুফিয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান, বিশেষ করে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান ও তার প্রধান সহযোগীদের গ্রেফতারের পর সরকার তার ভাবমূর্তি উদ্ধারের উদ্যোগ নেয়। 

ইতোমধ্যেই বাংলাদেশে জঙ্গিবাদ, এর বিস্তার এবং এর বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপ ফলাও করে কয়েকটি ওয়েবসাইটে প্রচারের পদক্ষেপ নিয়েছে সরকার।

বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি পূনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হিসেবে বিখ্যাত ‘টাইম’ ম্যাগাজিনের সাংবাদিক অ্যালেক্স প্যারীকে আবারও বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয় গত সপ্তাহে। বাংলাদেশে এক সপ্তাহে অবস্থানকালে পেরী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাক্ষাৎকার গ্রহণ করেন। এছাড়া পেরী প্রধানমন্ত্রীর সাথে পাবনায় রাজনৈতিক জনসভায়ও যান। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিডিনিউজকে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার ছাড়াও পেরী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, জামাত নেতা কামারুজ্জামান এবং কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর সাথে দেখা করেন।

যে পেরীকে পাবনায় নিয়ে যান প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সেই সাংবাদিকই এর আগে বহুবার ভিসার জন্য আবেদন করলেও বাংলাদেশ সরকার তাকে ভিসা দেয়নি।

২০০২ টাইম ম্যাগাজিনের প্রতিবেদক পেরী বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ভ্রমন শেষে টাইম ম্যাগাজিনে ‘ডেডলী কার্গো’ নামে জঙ্গি বিষয়ে একটি প্রতিবেদন লেখেন।

‘ডেডলি কার্গো’ প্রকাশের কারণে ২০০২ সালের পর টাইম ম্যাগাজিনের রিপোর্টারদের উপর সরকার অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে। পেরীর পরে শুধুমাত্র অরবিন্দ আডিগা নামের টাইম ম্যাগাজিনের অপর সাংবাদিককে বাংলাদেশের ভিসা দেয়া হয়।  

এ ব্যাপারে জোট সরকারের তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম বিডিনিউজকে বলেন, এলেক্স পেরী নিজ উদ্যোগে বাংলাদেশে এসেছিলেন।

‘অতীতে পেরীর ভিসা নিয়ে কোন জটিলতা ছিল কি না তা আমি জানি না,” তথ্যমন্ত্রী বলেন।

এর আগে পেরীকে কেনো ভিসা করেনি সরকার, এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার।

অতীতে বাংলাদেশ সরকার দেশে জঙ্গিবাদের উত্থানই কেবল অস্বীকার করেনি, জঙ্গিবাদ নিয়ে যেসব দেশী ও বিদেশী সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ করেছিলেন তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হন।

এমনকি জঙ্গিবাদ বিষয়ে বিদেশী সাংবাদিকরা এদেশে এসে রিপোর্ট করার সময় তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে যেসব দেশী সাংবাদিক তাদেরকেও সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন সময় হয়রানি করেছে।