২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ মার্চ, একাত্তরের ভয়াল কালো রাত: নানা কর্মসূচি

২৫ মাচর্, ১৯৭১ এর ভয়াল কালো রাত। ’৭১ সালের এই দিনে ‘অপারেশন সার্চ লাইট’ নামক এক নিধন অভিযানে পাক সেনারা ট্যাঙ্ক, মর্টার, মেশিনগানসহ নানা যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরীহ বাঙালির ওপর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

পাক হানাদাররা দেশের বুদ্ধিজীবী, ছাত্র - শিক্ষক, কৃষকসহ সকল পেশার লোকদের ওপর নির্বিচারে চালায় হত্যাযজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্র, শিক্ষক - কর্মচারীদের হত্যা করা হয়। রাজারবাগ পুলিশ লাইনে নিরাপরাধ পুলিশ সদস্যরাও হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি। 

সেদিন রাতেই, অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ন্বাধীনতার ডাক দেওয়া হয়। শুরু হয় নয়মাস ব্যাপী বাঙালির মুক্তি সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ।

অবশেষে ৩০ লাখ শহীদের রক্তদান আর দুই লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে অকুতোভয় বাঙালি জাতি। অর্জিত হয় আমাদের অহংকার স্বাধীন বাঙলার লাল - সবুজের পতাকা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবারও স্বাধীনতা দিবসের কর্মসূচি হিসেবে শনিবার রাত ৮টায় ‘আলোর মিছিল’ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হবে। কমিটির সমাবেশে সভাপতিত্ব করবেন অধ্যাপক কবীর চৌধুরী। ৩৫ জন মুক্তিযোদ্ধা ৩৫ টি মশাল জ্বালিয়ে ‘আলোর মিছিলে’ অংশগ্রহণ করবেন।

এছাড়া সিপিবি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার বিকালে সিপিবি কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টি - ন্যাপ - ছাত্র ইউনিয়নের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২৬ মার্চ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হবে।