২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে বাঁচাতে সরকার ড.গালিবকে জঙ্গিবাদের সাথে ফাঁসিয়েছে: আহলে হাদিস আন্দোলন

আহলে হাদিস নেতৃবৃন্দ বলেছেন, জামায়াতকে বাঁচানোর জন্যেই সরকার সংগঠনের প্রধান ড. আসাদুল্লাহ আল গালিবকে জঙ্গিবাদের সাথে ফাঁসিয়ে গ্রেপ্তার করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 06:58 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

নেতৃবৃন্দ বলেন, সেদিন ড. গালিবকে নিয়ে গ্রেপ্তার নাটক না সাজিয়ে প্রকৃত জঙ্গিদের গ্রেপ্তার করলে ১৭ আগস্ট দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলা ও পরবর্তী আত্মঘাতী হামলার মতো ঘটনা ঘটতো না।

শুক্রবার কুমিল্লার দেবীদ্বারস্থ খিরাইকান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দলের সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

আহলে হাদিস আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন আহলে হাদিস যুবসংঘের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আবদুল ওয়াদুদ, আহলে হাদিস ওলামা পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা আমানুল্লাহ বিন ঈসমাইল।

বক্তারা বলেন, নওগাঁর খেজুর আলীকে হত্যা করেছিলো বাংলা ভাই। অথচ সেই মামলায় ড. গালিবকে আসামি করা হয়। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে মানহানিকর ডাকাতি মামলায় আসামী বানাতেও সরকারের বিবেকে বাধেনি।

তারা বলেন, এসব করে সরকার ইসলামী মূল্যবোধকেই প্রশ্নবিদ্ধ করেছে।