২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভারত সফরকে বড় ধরনের সাফল্য বলে মনে করছে সরকার

ক্ষমতাসীন চারদলীয় জোট সরকার বৃহস্পতিবার দাবি বলেছে, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভারত সফর একটি বিরাট সাফল্য। এ সফর সকল অর্থেই কার্যকরী ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

তবে উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য কোন অগ্রগতি সাধিত হয়নি। বাণিজ্য বৈষম্য হ্রাস, শুল্ক বহির্ভূত বাধা এবং তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের ব্যাপারে কোনও বস্তুগত অগ্রগতি হয়নি নয়াদিল্লি কেবলমাত্র নিশ্চয়তার আশ্বাসের বাণীই উচ্চারণ করেছে।

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার তিনদিনের ভারত সফরের অর্জন সম্পর্কে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এটি (প্রধানমন্ত্রীর সফর) ছিল বিরাট সফলতার ও কার্যকর সফরের উদাহরণ। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি টার্নিং পয়েন্ট। এ সফরের ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। আর আত্মবিশ্বাস বিনির্মাণের ক্ষেত্রেও এ সফরটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ।

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০ থেকে ২২ মার্চ নয়াদিল্লি সফর করেন।

উচ্চ পর্যায়ের এ সফরের নির্দিষ্ট ফলাফল সম্পর্কে অবহিত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, উদ্বেগের বিষয়গুলো নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছেন।

শুল্ক বহির্ভূত বাধা অপসারণ ও বাণিজ্য বৈষম্য হ্রাস সম্পর্কে হেমায়েতউদ্দিন বলেন, বাধা অপসারণ করার ব্যাপারে দিল্লি ঢাকাকে নিশ্চয়তা দিয়েছে। আর দুই দেশের স্বার্থে বাণিজ্য বৈষম্য হ্রাস করার বিষয়টিকে তারা স্বীকৃতি দিয়েছে।

নিরাপত্তা ইস্যুর ব্যাপারে পররাষ্ট্র সচিব বলেন, দুই শীর্ষ নেতা খোলা মন নিয়ে ও নিঃসঙ্কোচে আলোচনা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে উভয় পক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। কেননা, এটি একটি অভিন্ন হুমকি। তিনি বলেন, সমস্যাটি মোকাবিলা করতে উভয় দেশের স্বরাষ্ট্র দপ্তর নিয়মিত বৈঠক করবে।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী সীমান্ত এলাকায় নিরপরাধ বাংলাদেশী নাগরিকদের হত্যাকাণ্ডের ইস্যুটি উত্থাপন করেন। বিষয়টি নিয়ে যৌথ সীমান্ত কার্যকরী গ্র“পের শিগগিরই আলোচনার ব্যাপারে দুই নেতা সম্মত হয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারতে অবস্থান করছেন তখন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পঞ্চগড়ে গুলিবিনিময় করেছে। এ ব্যাপারটি একজন সাংবাদিক উল্লেখ করে নিরপরাধ মানুষকে হত্যা বন্ধ করতে দিল্লির কাছ থেকে নির্দিষ্ট কোন প্রতিশ্র“তি আদায় করা গিয়েছে কিনা প্রশ্ন করা হলে পররাষ্ট্র সচিব কোন জবাব না দিয়ে নিশ্চুপ থাকেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে সাবেক পররাষ্ট্র সচিব সিএম শফি শামী বলেন, দু’টি চুক্তি স্বাক্ষরিত হলেও তাদের একটিও বাণিজ্য বৈষম্য হ্রাস অথবা শুল্ক  বহির্ভূত বাধা অপসারণের সাথে সম্পর্কিত নয়। অথচ বাংলাদেশের এ দু’টি ক্ষেত্রেই উদ্বেগ প্রকাশ করেছে।

তিনি বলেন, ভারতের বাজারে বাংলাদেশী পণ্যের সহজ ও শূন্যমাত্রার শুল্কের ব্যাপারে কোন অগ্রগতি হয়নি।

ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, স্বাক্ষরিত উভয় চুক্তির মধ্যে নতুনত্ব কিছু নেই। তবে আত্মবিশ্বাস বিনির্মাণের ক্ষেত্রে এ সফরটিকে একটি সফল সফর হিসেবে আখ্যায়িত করা যেতে পারে।

উল্লেখ্য, সংশোধিত বাণিজ্য চুক্তি, অবৈধ মাদকদ্রব্যের চোরাচালান ঠেকাতে চুক্তি সম্পাদিত হলেও ৫৩টি ভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত বিতর্ক, সীমান্তে  বেড়া এবং ছিটমহল সমস্যার মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর ব্যাপারে কোন চুক্তি স্বাক্ষরিত হয়নি।