১০ মে ঢাকায় সার্কের স্বরাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন
সার্কভুক্ত সাত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা আগামী ১০ মে থেকে ঢাকায় দুই দিনের বৈঠকে বসবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন এক সংবাদ ব্রিফিংয়ে বৃহস্পতিবার বলেন, সার্কের স্বরাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় তাদের প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন।
২০০৫ সালের নভেম্বরে ১৩তম সার্ক অধিবেশনে সার্কের সরকার ও রাষ্ট্রপ্রধানরা একমত হয়েছিলেন, সন্ত্রাসই সার্ক ঘোষণা, জাতিসংঘ, এবং দেশের সংবিধানে ঘোষিত মৌলিক মুল্যবোধকে বিনষ্ট করছে।
অধিবেশন থেকেই সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বাৎসরিক বৈঠকে মিলিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কূটনৈতকি সূত্র জানায, সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে স্বরাষ্ট্রসচিবরাও একটি বৈঠক করবেন।
সার্কের নেতারা সর্বশেষ সম্মেলনে বলেছিলেন, সন্ত্রাস প্রতিরোধে কোন দ্বৈত ভূমিকা থাকার কোনও সুযোগ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সন্ত্রাসদমনসহ তথ্য আদান প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার দিকগুলো নিয়ে আলোচনা হবে।
