২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা: বিএনপি’র চিঠির জবাব দিয়েছে বিরোধী দল

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে আলোচনার জন্যে বিএনপি’র দেওয়া চিঠির জবাব দিয়েছে বিরোধী দল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বুধবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার কাছে এ জবাব সম্বলিত চিঠি পাঠান। এতে বিএনপির দেওয়া চিঠির কিছু ‘অস্পষ্ট’ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

সংস্কার প্রস্তাব বিষয়ে আলোচনা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে সহায়তা করবে বলে আব্দুল জলিল ওই চিঠিতে উল্লেখ করেন।

মান্নান ভূঁইয়ার চিঠির জন্যে ধন্যবাদ জানিয়ে জলিল বলেন, আলোচনার জন্যে কমিটি গঠনের প্রস্তাব বিরোধী দলের সংস্কার প্রস্তাবের যথার্থতাকেই প্রমাণ করে।

চিঠিতে তিনি বলেন, অনেক বিলম্বে হলেও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উত্থাপিত প্রস্তাব সম্পর্কে আলোচনার জন্যে কমিটি গঠন সম্পর্কিত আপনার প্রস্তাব আগামী নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে জনগণের দাবি পূরণের ক্ষেত্রে সহায়ক হবে।

মান্নান ভূঁইয়ার কাছে পাঠানো চিঠিতে আব্দুল জলিল বলেন, কমিটি গঠনের যে প্রস্তাব আপনি করেছেন, তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা, অর্থাৎ কাদের নিয়ে ও কোন পর্যায়ের কমিটি হবে, তার সংখ্যা কতো এবং তার সময়সীমা কী, তার কিছুই উল্লেখ নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার সংসদের বক্তৃতায় স্পষ্টভাবেই  উল্লেখ করেছিলেন, সংসদ ও সংসদের বাইরের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠিত হতে পারে। তাহলেই এই কমিটি প্রতিনিধিত্বশীল হবে। সেই বিষয়টিও আপনার চিঠিতে উল্লেখ নেই।

চিঠিতে আব্দুল জলিল বলেন, এ অবস্থায় আপনার চিঠিকে সংস্কার প্রশ্নে একটি ইতিবাচক অগ্রগতি বলে বিবেচনা করেও অর্থবহ আলোচনার স্বার্থে উক্ত বিষয়গুলি সুনির্দিষ্ট ও স্পষ্ট করা প্রয়োজন। যতো দ্রুত সম্ভব, এ বিষয়গুলো স্পষ্ট করা হলে আলোচনার জন্যে আমাদের প্রতিনিধি ঠিক করতে পারবো।

চিঠি পাঠানোর আগে ১৪ দল নেতৃবৃন্দ দুপুরে ও বিকেলে দু’দফায় বৈঠকে বসেন।

সন্ধ্যা ৭টায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বার থেকে আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, বিএম মোজাম্মেল হোসেন এবং এসএম কামাল হোসেন চিঠি নিয়ে মান্নান ভুঁইয়ার মিন্টো রোডের সরকারি বাসভবনে যান। 

এর আগে দুপুরে ১৪ দলের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, বিএনপি মহাসচিবের চিঠিতে আমরা কিছু অস্পষ্ট বিষয় লক্ষ্য করেছি। এ পরিপ্রেক্ষিতে নিজ নিজ দলের মধ্যে পৃথকভাবে চিঠি ও চিঠির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

বৈঠকে সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের নেতা দীলিপ বড়–য়া।

সংস্কার ইস্যুতে আলোচনার জন্যে কমিটির নাম চেয়ে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের কাছে চিঠিটি পাঠান গত সোমবার ।

যদিও প্রধান বিরোধী দল সংস্কার ইস্যুতে বিএনপি’র এই চিঠির বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ এবং জনগণের প্রাথমিক বিজয় হিসেবে দেখছে, তারপরও আলোচনায় তারা যোগ দেবে কি  দেবে না, সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।    

মঙ্গলবার ১৪ দলের নেতারা চিঠির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। বুধবার আবারো নিজ নিজ দলের পক্ষ থেকে তারা আলোচনায় বসে।

দুপুরে ১৪ দলের সভার আগে বর্তমানে আমেরিকা সফররত আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় শেখ হাসিনার সঙ্গে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল টেলিফোনে আলাপ করেন। তার দেওয়া নির্দেশনা অনুযায়ীই আওয়ামী লীগসহ ১৪ দল চিঠির বিষয়বস্তু নির্ধারণ করে বলে সূত্র বিডিনিউজকে জানিয়েছে। 

এর আগে সরকার পক্ষের চিফ হুইফ খোন্দকার দেলোয়ার হোসেন গত সপ্তাহে টেলিফোনে বিরোধী দলীয় চীফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদকে সংস্কার প্রস্তাব আলোচনার জন্যে কমিটির নাম পাঠানোর আহবান জানান। কিন্তু ১৪ দলের পক্ষ থেকে এ উদ্যোগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পর তা বাতিল হয়ে যায়।

গত বছর জুলাইয়ে ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের এ প্রস্তাব উত্থাপন করে।

প্রধান সংস্কার প্রস্তাবে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার প্রধান এমন একজন ব্যক্তি হবেন, যিনি সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য এবং অন্তর্বর্তীকালীন সরকারে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রপতির নিয়ন্ত্রণাধীন না থেকে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণাধীন থাকবে। 

গত সংসদ অধিবেশনে যোগ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা গত ১২ ফেব্র“য়ারি সংসদে আনুষ্ঠানিকভাবে ওই সংস্কার প্রস্তাব উত্থাপন করেন।

২৮ ফেব্র“য়ারি ওই অধিবেশনেরই সমাপনী দিনে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিরোধী দলের সংস্কার প্রস্তাবের ওপর আলোচনার জন্যে কমিটি গঠনের প্রস্তাব করেন।