২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিঠির জবাব শুভ লক্ষণ: তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মান্নান ভূঁইয়া

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্যে তাদের চিঠির জবাব দেওয়ায় আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের কাছ থেকে চিঠি গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, তারা যে চিঠির জবাব দিয়েছেন, এটি শুভ লক্ষণ।

‘চিঠির জবাব দেওয়ার জন্যে তাদের বিএনপি ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাই,’ বলেন মান্নান ভূঁইয়া।

চিঠির বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, চিঠি পেয়েছি। তবে এখনো খুলে দেখিনি। আগে খুলে চিঠি পড়ে দেখবো। যদি মনে হয় নিজের পক্ষেই এর জবাব দেওয়া সম্ভব, তবে নিজেই জবাব দেবো।

তিনি বলেন, নইলে, আজ রাতে (বুধবার) নেত্রী (প্রধানমন্ত্রী) ফিরবেন। তার সাথে কথা বলে চিঠির জবাব দেওয়া হবে।

যথাসম্ভব দ্রুততম সময়েই চিঠির জবাব দেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, আমাদের আন্তরিকতা নিয়ে তারা যে প্রশ্ন তুলেছেন, তা ঠিক নয়, আমরা আন্তরিক।

সোমবার বিএনপি ও সরকারের পক্ষ থেকে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন।

দু’দিন দলীয় ও ১৪ দলের সভায় আলোচনা শেষে আব্দুল জলিল বুধবার আনুষ্ঠানিকভাবে বিএনপি মহাসচিবকে চিঠির জবাব দেন। আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যায় তার সরকারি বাসভবনে গিয়ে চিঠি হস্তান্তর করেন।