২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জন্যে ভারতের কাছে রয়েছে শুভেচ্ছার বিশাল ভাণ্ডার: মনমোহন সিং

বাংলাদেশকে একটি শক্তিশালী, স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে ভারতের মৌলিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বাংলাদেশের জন্যে ভারতের কাছে শুভেচ্ছার বিশাল ভাণ্ডার রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে ভারত ও আমাদের প্রতিবেশী দেশগুলোর গন্তব্য অভিন্ন। একজনকে ছাড়া আরেকজন উন্নতি করতে পারবে না। আর এটি অর্জিত হতে পারে কেবলমাত্র সহযোগিতার মাধ্যমে। আমরা এর বাইরে প্রতিযোগিতা করতে পারি।

ড. সিং বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী, স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধি দেশ হিসেবে দেখা ভারতের মৌলিক ইচ্ছা। এর ফলে তারা  আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারবে।

ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে মঙ্গলবার ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবন হায়দরাবাদ হাউজে দেওয়া ভোজসভায় মনমোহন সিং এ কথা বলেন।

তিনি বলেন, দুই প্রতিবেশী দেশ যে দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে, বাংলাদেশ প্রধানমন্ত্রীর এ সফর তাই প্রমাণ করে।

খালেদা জিয়ার সাথে আনুষ্ঠানিক বৈঠকের কথা উল্লেখ করে ড. সিং বলেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ন এমন সকল বিষয় নিয়ে গভীর ও কার্যকর মতবিনিময় হয়েছে।

তিনি বলেন, অপরের দৃষ্টিভঙ্গির ব্যাপারে বোঝাপড়া ও বিভিন্ন ইস্যুতে অগ্রগতি অর্জনের ক্ষেত্রে সংলাপ ছিল সবচেয়ে বেশি কার্যকর।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, সবকিছুর পর আমাদের সংস্কৃতি, ভাষা, ইতিহাস এবং ঐতিহ্যের শিকড়ের ক্ষেত্রে অভিন্নতা রয়েছে। আমাদের লোকজন ভিন্ন জাতীয় পরিচয় বহন করলেও এবং সে পরিচয়ে পরিচিত হলেও তাদের মধ্যে অভিন্ন সচেতনতা কাজ করে। তারা চিরকাল শান্তিপূর্ণ ও মর্যাদার সাথে জীবনধারনের ইচ্ছাপোষণ করে এবং তাদের সাংস্কৃতিক ও সামাজিক বিষয়গুলোকে সবসময় উর্ধ্বে তুলে ধরে। অতীতে জনগণের এসব একান্ত ইচ্ছা সমুন্নত রাখতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি তা আমরা কখনো ভুলি না।

তিনি বলেন, উভয় দেশের উন্নত বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য রয়েছে। পণ্ডিত, বুদ্ধিজীবী ও নীতিনির্ধারকদের মধ্যে বৃহৎ অর্থে মিথস্ক্রিয়া (ঘনিষ্ঠ যোগাযোগ) হওয়া প্রয়োজন।

ড. সিং বলেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল আজ আমরা ভারতে বসে দেখতে পারছি, এটা খুবই সন্তুষ্টির বিষয়। আমি মনে করি, তারা আমাদের স্থানীয় চ্যানেলকে কঠিন প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়েছে।

তিনি বলেন, জাতীয় পরিচয়ের ক্ষেত্রে একই কবির কন্ঠ উভয় দেশের জনগণকে অভিব্যক্তি প্রকাশের সুযোগ দিয়েছে।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর উভয় দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। কাজী নজরুল ইসলামকে ভারতে যেভাবে মূল্যায়িত করা হয়, বাংলাদেশেও তেমন। উদার ও গণতান্ত্রিক মূল্যবোধ উভয় দেশেই মূল্যায়িত হয়। রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতির মধ্যে যে শিল্পমান নিহিত তা আমাদের উভয় দেশের ঐতিহ্য। আর তাই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে ও তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ড. সিং বাংলাদেশ ও ভারতের মধ্যে আরো দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্যে পুনঃউৎসর্গের আহ্বান জানান।

ড. সিং মহান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করে তার বক্তব্য শেষ করেন। কবির ভাষাকে ভারতের প্রধানমন্ত্রী ’একটি উৎসাহ ও একটি চ্যালেঞ্জ’ বলে আখ্যায়িত করেন।

তিনি আবৃত্তি করেন, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিবো রাঙা প্রভাত, আমরা টুটিবো তিমির রাত, বাঁধার বিন্দ্যাচল।