নতুন ধারণা এবং কর্মসূচী নিয়ে এগিয়ে আসতে তৃণমূল প্রতিনিধি সভায় তারেক জিয়ার আহ্বান
নির্বাচনকে সামনে রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক জিয়া ঢাকা বিভাগের তৃণমূল প্রতিনিধি সভায় আগত প্রতিনিধিদের নতুন ধারণা এবং কর্মসূচী দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি ঢাকা বিভাগের বিভিন্ন জেলা, ইউনিয়ন, থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কি কি নতুন কর্মসূচী বা পরিকল্পনা গ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ দিতে বলেন। মাঠ পর্যায়ে নতুন কি করতে হবে, কি কি সাংগঠনিক কর্মসূচী গ্রহণ করলে মাঠ পর্যায়ে শির্ক্ষাী ও জনগণের কাছে পৌঁছানো যাবে এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে তিনি মত চান।
মঙ্গলবার কেরানীগঞ্জের চুনকুঠিয়া গার্লস হাই স্কুল মাঠে এ প্রতিনিধি সভার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া।
নির্বাচনের পূর্ব মুহূর্তে কেন্দ্রীয় নেতাদের সাথে তৃণমূল নেতাদের সম্পর্কের মানোন্নয়নের জন্য এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে।
ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে সভা পরিচালনা করেন শফিউল বারী বাবু ও সুলতান সালাউদ্দিন টুকু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড.মঈন খান, যোগাযোগমন্ত্রী ব্যরিষ্টার নাজমুল হুদা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, সাংসদ ফজলুল হক মিলন প্রমুখ।
আব্দুল মান্নান ভুঁইয়া বলেন, কিছু কিছু প্রচার মাধ্যমের বক্তব্য শুনলে মনে হয় বিএনপি কোন কাজ না করে কাটিয়ে দিয়েছে কিন্তু বিগত ৪ বছরে বিরোধী দলের কোনো সহযোগিতা পায়নি এ সরকার। তারা সহযোগিতা না করে বরং বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। তিনি বলেন, বিএনপি কারচুপি, অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করেনা। জনগণের রাজনীতিতে বিশ্বাস করে। তাই বিএনপির প্রতি জনগণের পূর্ণ সমর্থণ রয়েছে। তিনি বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য বিরোধী দলে কাছে পাঠানো হয়েছে। আশা করি তাদের সুমতি হবে। তারা প্রতিনিধি পাঠালে দ্রুত আলোচনায় বসা হবে।
এ সভায় ঢাকা বিভাগের ২৬ টি জেলার ৭৯৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় আগত প্রতিনিধিদের অভিযোগ ছিলো, ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়া অন্য কোন নেতারা তাদের সাহায্য-সহযোগিতা করেননা। এছাড়া মাঠ পর্যায়ে নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের যোগাযোগ থাকেনা।
