বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক করে তুলবো: নয়াদিল্লিতে খালেদা জিয়া
তিনদিনের সরকারি সফরে সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দু'দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেছেন।
নয়াদিল্লি পৌঁছার পর সরকারিভাবে ইস্যুকৃত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, আমি এ সফরকালে বন্ধু রাষ্ট্র ভারতের সাথে উন্মুক্ত ও গঠনমূলক আলোচনার অপেক্ষায় আছি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লির পালাম বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ ও পররাষ্ট্র সচিব শ্যাম শরণ স্বাগত জানান।
খালেদা জিয়া বলেন, আমাদের আলোচনার ফলে নিজেদের সহযোগিতার সম্পর্কের বিষয়গুলোর অনুভবযোগ্য অগ্রগতির জন্যে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে বলে আমি আশা করছি।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশে দারিদ্রতা ও বৈষম্য রয়েছে। আর তাই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে দুই দেশে একত্রে কাজ করতে পারে।
খালেদা জিয়া আশাপ্রকাশ করে বলেন, তার সফর বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে এক নতুন ধারার সূত্রপাত করবে।
তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনা অনেক গভীর। এ সম্ভাবনাকে পুরোপুরি বাস্তবে রূপ দিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও অন্যান্য ভারতীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করার ইচ্ছা ব্যক্ত করেন।
ড. মনমোহন সিংয়ের আমন্ত্রণের প্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চলতি ভারত সফরের জন্যে সোমবার বিকেলে বিমানে করে ভারতে পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাকে লালগালিচা সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়া মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা দেওয়ার কথা রয়েছে।
বিমানবন্দর থেকে একটি মোটর শোভাযাত্রার সাথে সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মৌরিয়া শেরাটন হোটেলে নিয়ে যাওয়া হয়। তিনদিনের সরকারি সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
সন্ধ্যায় খালেদা জিয়া ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ ও লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জির সাথে তার হোটেলে সাক্ষাৎ করেন। এ সময় তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সোমবার বেলা পৌনে ২টার সময় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবারের মতো তিনি ভারত সফরে যাচ্ছেন। আর তাই বড় বড় বিতর্কিত ইস্যুগুলো সমাধানের চেয়ে শুভেচ্ছার সফর হিসেবেই এটি মূল্যায়িত হচ্ছে।
ঢাকা ত্যাগের আগে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও সরকারের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক ইস্যুর সকল বিষয় নিয়ে আলোচনা করতে তারা মুক্ত মন নিয়ে নয়াদিল্লি যাচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করবো। এছাড়া ভারতের বাজারে আমাদের পণ্যের শুল্কমুক্ত সুবিধা নয়াদিল্লির কাছে চাওয়া হবে।
ঢাকা - সিলেট - শিলং - গোয়াহাটি রুটে যাত্রীবাস সার্ভিস চালু করতে ভারতের দেওয়া প্রস্তাবের প্রতি সাড়া দেওয়া হবে কিনা এ ব্যাপারে মোরশেদ খান বলেন, তাদের কোন সমস্যা নেই। কিন্তু ভারতের মাটি থেকে নেপাল ও ভুটানে একই ধরনের বাস সার্ভিস চালুর ব্যাপারে তাদের অনুমতি দিতে হবে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে সরকারের স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা সিটি কর্পোরেশন মেয়র সাদেক হোসেন খোকা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার এস চক্রবর্তী, তিন বাহিনীর প্রধান এবং উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪৮ সদস্যের সরকারি প্রতিনিধি দল ছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন ব্যবসায়ী সম্প্রদায়ের ৪০ একটি সদস্যের প্রতিনিধি দল।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন প্রমূখ প্রধানমন্ত্রীর সাথে ভারত যাচ্ছেন।
