২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টি ক্ষমতা নয় দেশের মানুষের সেবা করতে চায়: এরশাদ

জাতীয় পার্টির (জাপা- এরশাদ) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতা নয় দেশের মানুষের সেবা করতে চায়। মানুষের সেবার জন্যেও ক্ষমতায় যাওয়া দরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

সোমবার ঢাকার একটি হোটেলে মহাসমাবেশ পরবর্তী মতবিনিময় ও এরশাদের ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদ ও মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।

জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, দেশ আজ ভয়াবহ সংকটের মধ্যে ডুবে যাচ্ছে। এর থেকে দেশকে বাঁচানোর কেউ নেই। দেশের মানুষকে রক্ষা করতে জাতীয় পার্টি রয়েছে। ১ মার্চের মহাসমাবেশে দেশের মানুষ যে পরীক্ষায় জাপাকে ফেলেছে, তাতে পাস করতে হবে। যত পরিশ্রম ও রক্ত লাগে লাগুক, জাতীয় পার্টিই ক্ষমতায় গিয়ে দেশকে রক্ষা করবে।

তিনি বলেন, কিছুদিন আগেও জাপার ওপর মানুষের আস্থা ছিল না। এখন মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে। নতুন জাপার উত্থাণ ঘটেছে। মানুষের এ আস্থাকে ধরে রাখতে হবে।

পরে সাবেক রাষ্ট্রপতি জন্মদিনের কেক কাটেন।

এ সময় তার দুই পুত্র আরমান এরশাদ ও এরিখ এরশাদ পাশে ছিলেন।

পরে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলীয় প্রধানকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।