চতুর্থবারের মতো ভোটার তথ্য সংগ্রহের মেয়াদ বৃদ্ধি, দায়িত্বশীলদের মুখ বন্ধ!
নির্বাচন কমিশন (ইসি) চতুর্থবারের মতো ভোটার তালিকা প্রস্তুতের জন্যে তথ্য সংগ্রহের মেয়াদ বৃদ্ধি করেছে। ইসি ৩০ মার্চ পর্যন্ত ভোটার তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
একের পর এক ভোটার তথ্য সংগ্রহের মেয়াদ বাড়ানো হলেও এ ব্যাপারে দায়িত্বশীলরা মুখ বন্ধ রেখেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজসহ নির্বাচন কমিশনাররা (ইসি) আগের মতই সাংবাদিকদের এড়িয়ে চলছেন।
নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, কমিশন তথ্য সংগ্রহের ব্যাপারে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূরের দায়ের করা এ সংক্রান্ত পৃথক দুটি মামলা আদালতে বিচারাধীন থাকায় নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না।
সূত্র জানায়, আগামী ২৭ মার্চ উচ্চ আদালতে মামলা দুটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ২৭ মার্চই আদালত এ ব্যাপারে একটি নির্দেশনা দিতে পারেন। আদালতের নির্দেশনা অনুযায়ীই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি শুরু হওয়া ভোটার তালিকাভুক্তির কাজ ৭ জানুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা ছিলো। নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ না হওয়ায় এর মেয়াদ ২০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এ সময় আদালতে দায়ের করা মামলার কারণে নির্বাচন কমিশন তথ্য সংগ্রহের মেয়াদ ১২ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেয়। পরে এ সময়সীমা ২০ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু ওই সময়ের মধ্যেও আদালতের নির্দেশনা না পাওয়ায় ১৯ মার্চ নির্বাচন কমিশন চতুর্থ দফায় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
তবে কমিশনের জনসংযোগ শাখা (পিআর) থেকে বলা হয়েছে, ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ না হওয়ায় বাদ পড়া নাগরিকদের তালিকাভুক্ত করতেই এ মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ভোটার তালিকা প্রণয়নে সংগৃহীত তথ্য সুপারভাইজাররা বর্তমানে যাচাই - বাছাই করছেন। একই সাথে খসড়া ভোটার তালিকা প্রকাশের জন্যে কমিশনের ১ নম্বর ফরম পূরণের কাজও চলছে।
এ কাজ আগামী ৩০ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময়ে ভোটার হতে পারেননি এমন ব্যক্তিদের তালিকাভুক্তির কাজও চলবে।
তালিকাভুক্তির জন্যে বাদ পড়া ভোটারদের ঢাকার চারটি আঞ্চলিক কার্যালয়সহ সারাদেশের জেলা ও থানা পর্যায়ের কার্যালয়গুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।
সোমবার এ ব্যাপারে সিইসি ও নির্বাচন কমিশনারদের সাথে যোগাযোগ করা হলে কেউই সাংবাদিকদের সাথে কথা বলেননি। প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের কোনো কথার জবাব না দিয়েই অফিস ত্যাগ করেন।
