জোট দানবের হিংস্র থাবায় দেশের মানুষ নির্যাতিত, ধ্বংস করছে পরিবেশও : আ.লীগ
প্রধান বিরোধী দল অভিযোগ করে বলেছে, বিএনপি - জামাত জোট সরকারের হিংস্র থাবা দানবের রূপ নিয়ে একদিকে যেমন বিরোধী দলসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। তেমনি তারা দেশের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড চালাচ্ছে।
রোববার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন জোট মানুষের জান মালের নিরাপত্তা বিধান, উগ্র জঙ্গিবাদের উত্থান রোধ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও পানির চাহিদা পূরণে যেমন ব্যর্থ হয়েছে। ঠিক একইভাবে তাদের দুর্নীতি এবং পরিবেশ বিধ্বংসী নীতির কারণে পরিবেশ সংরক্ষণেও তারা চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
আগামী ২২ মার্চ বিশ্ব পানি দিবসকে সামনে রেখে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের বন ও পরিবেশ সম্পাদক ড. হাসান মাহমুদ। বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি।
ভূ - তত্ত্ববিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হোসেন মনসূর ছাড়াও আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, শাহিন মনোয়ারা হক ও আইনাল হক মিন্টু এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পরিবেশ সংরক্ষণে আওয়ামী লীগ সরকার আমলে গৃহীত বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরা হয়।
নেতৃবৃন্দ বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে গঠিত পরিবেশ আদালতগুলো এখন প্রায় নিস্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে। ঢাকার পরিবেশ আদালতে হাতে গোনা কয়েকটি মামলা এবং চট্টগ্রামের পরিবেশ আদালতে মাত্র দু’টি মামলা বিচারাধীন রয়েছে। তাহলে দেশে কি পরিবেশের জন্যে ক্ষতিকর কোনো ঘটনা ঘটছে না?
সংবাদ সম্মেলন থেকে পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব চেতনা প্রসারের লক্ষ্যে ১০ দফা কর্মসূচী ও দাবীনামা উত্থাপন করা হয়।
এর মধ্যে রয়েছে : সারা দেশের জন্যে একটি ভৌত পরিকল্পনা গ্রহণ, গ্যাসের যথাযথ ব্যহার নিশ্চিত করা, পাট শিল্পকে পুনরুজ্জীবিত করে পলিথিনের বিকল্প হিসেবে এর ব্যাপক ব্যবহার, নদীর নাব্যতা রক্ষা ও বন্যার তীব্রতা কমানোর লক্ষ্যে প্রধান নদীগুলোতে নিয়মিত ড্রেজিং করে নদী শাসন, বনাঞ্চল রক্ষার জন্যে ফরেস্ট আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা ও সামাজিক বনায়নের ওপর অধিক গুরুত্বারোপ এবং আবাদি জমি রক্ষাকল্পে আইন ও সঠিক পরিকল্পনা গ্রহণ।
