২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা ও নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টের রুল

সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়াই জেলা পর্যায়ে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেটদের নিয়োগ এবং ১৯৯৯ সালের ১৭ জুনের পর থেকে ম্যাজিস্ট্রেটদের পরিচালিত সকল বিচার, কেন অবৈধ ও নিয়মবর্হিভূত ঘোষণা করা হবে না, তার  কারণ দর্শাতে রোববার হাইকোর্ট  সরকারের প্রতি রুল জারি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র জনস্বার্থে দায়েরকৃত রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি এটিএম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দেয়।

সুপ্রিমকোর্টের অনুমতি ছাড়া জেলা পর্যায়ে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেটদের নিয়োগ এবং ১৯৯৯ সালের ১৭ জুনের পর থেকে ম্যাজিস্ট্রেটদের পরিচালনা করা সকল বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাড. মনজিল মুর্শিদ, অ্যাড. আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাড. এখলাস উদ্দিন ভূইয়া এবং কাজী  আব্দুল হান্নান এইচআরপিবি’র পক্ষে হাইকোর্টে রিট আবেদন করেন।

আবেদনে সংস্থাপন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিববৃন্দ, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (নিয়োগ ও পদোন্নতি) ও সিনিয়র সহকারী সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে।

এইচআরপিবি’র নির্বাহী কমিটির সভাপতি অ্যাড. মনজিল মুর্শেদ আদালতে রীট পিটিশনের পক্ষে অবস্থান নেন।