২৭ এপ্রিল টঙ্গী ও কসবা পৌরসভার নির্বাচন
আগামী ২৭ এপ্রিল টঙ্গী ও কসবা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন রোববার দুপুরে পৌরসভা দু’টির নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।
সময়সূচি অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ এপ্রিল এবং ভোট গ্রহণের তারিখ ২৭ এপ্রিল।
টঙ্গী পৌরসভার নির্বাচন পরিচালনার জন্যে উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুর সদরকে রিটার্নিং অফিসার এবং থানা নির্বাচন অফিসার, টঙ্গীকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়া কসবা পৌরসভার নির্বাচন পরিচালনার জন্যে উপজেলা নির্বাহী অফিসার, কসবাকে রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার, কসবাকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।
