২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে পিস কোরের কার্যক্রম স্থগিত করা হয়েছে: শামাস

মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দা অ্যাফেয়ার্স জুডিথ এ শামাস রোববার বলেছেন, বাংলাদেশে মার্কিন পিস কোরের কার্যক্রম বন্ধ করার সিধান্ত স্ববিরোধী না, কারণ স্বেচ্ছাসেবীদের বিরুদ্ধে হুমকি বিশ্বাসযোগ্য ও তথ্য নির্ভর ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

‘এটা তাদের কার্যক্রম প্রত্যাহার করে নেওয়া নয়, এটা স্থগিত করা হয়েছে। এটা একটা সাময়িক পরিস্থিতি এবং সিদ্ধান্তটি স্ববিরোধী ছিল না’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকারকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছিল।

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত এ সভায় জুডিথ শামাস ব্যাবসায়ীসহ সাংবাদিকদের কাছ থেকে পিস কোরের কার্যক্রম বন্ধ করার বিষয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন।

সার্বিক নিরাপত্তা অবস্থা বিবেচনা করে ওয়াশিংটন ডিসি থেকে কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হামলার বিষয়টি নিশ্চিত না হলেও সম্ভাব্য হামলার বিষয় বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ ক’বার বাংলাদেশ সফর এবং বিস্তারিত আলোচনার পর নিরাপত্তার বিষয় বিবেচনা করে সতর্কতা হিসেবে পিস কোরের কার্যক্রমের স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের শীর্ষ পাঁচ নেতার গ্রেফতারের পর মার্কিন পিস কোরের ওপর সন্ত্রাসী আক্রমণ হতে পারে, এ ধরনের আশঙ্কার পরিপ্রেক্ষিতে সম্প্রতি মার্কিন সরকার বাংলাদেশে পিস কোরের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে।

বাংলাদেশে পিস কোরের কার্যক্রম স্থগিতের বিষয়টি বাংলাদেশ সরকারকে খুশি করেনি। পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মার্কিন সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো কোনও কারণ ঘটেনি।