২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী সোমবার দিল্লি যাচ্ছেন: খালেদা - মনমোহন বৈঠকের মূল এজেন্ডা নিরাপত্তা, বাণিজ্য ও পানি

প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে সোমবার দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন রোববার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এটি একটি শুভেচ্ছা সফর। ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং এর সাথে সম্পর্কের বিষয়টি সরকার সর্বাধিক গুরুত্ব দেয়।

তিনি বলেন, ঢাকা এই সফর থেকে সফল এবং ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান এবং পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন।

হেমায়েতউদ্দিন বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা হবে। যা দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় সৃষ্টি করবে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৪০ জন ব্যাবসায়ীসহ ৪৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এক প্রশ্নের  জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বাণিজ্য ঘাটতি, তিস্তা নদী পানি বন্টন, তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয়তা, টিপাইমুখে ভারতের বাধ নির্মাণ ও নিরাপত্তার বিষয়গুলো বৈঠকে মূল এজেন্ডা হিসাবে আলোচিত হবে।

টিপাই মুখ বাঁধ বা নদী সংযোগ প্রকল্পের মতো কোনো প্রকল্প গ্রহণ করা হবে না ভারতীয় নেতৃত্বের কাছ থেকে এমন আশ্বাস পাওয়া যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ঢাকা এই সফরকে দ্বিপাক্ষিক বিভিন্ন বড় ইস্যুর ক্ষেত্রে আস্থা নির্মান হিসেবে দেখছে।

কর্মকতারা এর আগে ইঙ্গিত দিয়ে বলেছিলেন, প্রধানমন্ত্রীর এই সফরকালে ঢাকা ও দিল্লির মধ্যে বাণিজ্য, দ্বৈত কর পরিহার এবং বিনিয়োগ রক্ষা সংক্রান্ত  তিনটি চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে কতগুলি চুক্তি স্বাক্ষর হবে এমন প্রশ্ন হেমায়েতউদ্দিন এড়িয়ে যান।

সফরের সময় সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টায় নতুন দিল্লিতে পৌঁছাবেন।  ভারতের পররাষ্ট্র মন্ত্রী ই আহমেদ এবং লোকসভার স্পিকার সোমনাথ চট্টপাধ্যায় হোটেলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।

সন্ধ্যায় তিনি বাংলাদেশ হাই কমিশন কমপ্লেক্স উদ্বোধন করবেন।

মঙ্গলবার খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে স্বাগত জানানো হবে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সেখানে উপস্থিত থাকবেন। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়ালে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর বেগম জিয়া রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের সাথে সাক্ষাৎ করবেন।

দুই প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠকটি হায়দ্রাবাদ হাউজে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

ভারতের প্রধানমন্ত্রী তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।

প্রধানমন্ত্রী ইউপিএ নেত্রী এবং কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, বিরোধী দলের নেতা, ভারতের উপ প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ও তথ্যমন্ত্রীর সাথে পৃথক পৃথকভাবে সাক্ষাৎ করবেন।

নতুন দিল্লি ভারতীয় ব্যাসায়ী নেতাদের সাথে পরিচিতিমূলক একটি সেশনের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী সেখানে যোগ দেবেন।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।