২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি শামাসের আহ্বান

ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স জুডিথ এ শামাস আগামী সাধারণ নির্বাচনকে আবারো ‘সংকট পূর্ণ’ উলে¬খ করে রোববার সকল রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ব্যাবসায়ী সম্প্রদায়ের সুনির্দিষ্ট দাবী দাওয়া সম্পর্কে প্রার্থীদের কাছে স্পষ্ট করতে মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স আসন্ন নির্বাচনে ব্যাবসায়ী নেতাদের সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে এফবিসিসিআই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা বলেন।

ব্যবসায়ী নেতাদের এক প্রশ্নের জবাবে শামাস বলেন, আগামী সাধারণ নির্বাচন সংকটপূর্ণ, যা ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা হবে। নির্বাচনের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন আছে। প্রত্যেক রাজনৈতিক দলের এতে অংশ নেয়ার অধিকার রয়েছে এবং প্রত্যেক দলেরই এতে অংশ নেয়া উচিত।

জঙ্গি ইস্যুতে অপর একজন ব্যবসায়ী নেতার প্রশ্নের জবাবে শামাস বলেন, জঙ্গি নেতাদের গ্রেপ্তারের ব্যাপারে সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, জঙ্গিদের অর্থের যোগানদাতা, সংগঠক ও মদদদাতাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হবে এবং তাদের বিচারের জন্যে সোপর্দ করা হবে বলে আমরা আশাবাদী।

তিনি বলেন, সারা বিশ্বই বর্তমানে সন্ত্রাসের সমস্যায় আক্রান্ত। তবে কোনো একটি দেশের সব লোক মৌলবাদের সাথে জড়িত নয়।

জুডিথ শামাস তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, এবারের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশ ভালো। সার্বিকভাবে এ প্রবৃদ্ধির হার ছয় দশমিক পাঁচ শতাংশ। তবে বেশ কিছু ক্ষেত্রে ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এতে বোঝা যায়, বাংলাদেশের ব্যবসায়ীরা বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে কাজ করার মতো যোগ্যতা অর্জন করেছে।

তিনি বলেন, বৈশ্বিক বাজার বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। জ্বালানি তেল ও বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি, বিশেষ করে ভাঙ্গারি শিল্প বাংলাদেশের জন্যে অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স বলেন, দেশের শিল্পখাতে সরবরাহ করার জন্য চড়া মূল্যে বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করতে গিয়ে বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে নির্বাচনের ওপর প্রভাব ফেলা যাবে বলে তিনি জানান।

বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে মৌলিক কাঠামোগত বিষয়ের সমাধানের সক্ষমতার ওপর।

অবকাঠামোগত ঘাটতির কারণে উৎপাদনের সকল ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র পুঁজিবাজারের ওপর অপপ্রভাব ফেলে।

তিনি তার বক্তব্যে দুর্নীতি, অপর্যাপ্ত প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের দুর্বলতা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে অপর্যাপ্ত বরাদ্দের বিষয়ও উল্লেখ করেন।

তিনি বলেন, মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তারা দেশের বিদ্যুৎখাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। জাতীয় বিদ্যুৎ গ্রিডে এক হাজারেরও বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সংযুক্ত করার পরিকল্পনাও তাদের রয়েছে।

তিনি বলেন, এই প্রকল্প এবং অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের কাজ বাস্তবায়নে সরকারের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।

ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিফা) বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো পর্যালোচনা চলছে।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বাংলাদেশের রপ্তানি আয়ের বিষয়টি বিবেচনা করে তিন শতাংশ সেনসিটিভ লিস্টের বাইরে রপ্তানি সুবিধা দিতে তার মাধ্যমে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এ বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি মার্কিন সরকারের কাছে তুলে ধরার জন্য আপনার সহযোগিতা প্রয়োজন।

জবাবে শামাস বলেন, কোটা ব্যবস্থার বাইরে বাংলাদেশী আরএমজি প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। আপনারা ভালো করছেন এবং প্রতিযোগিতার ক্ষেত্রে এটাই মূল চাবিকাঠি।

অন্যান্যের মধ্যে প্রশ্নোত্তর ভিত্তিক এ আলোচনায় অংশ নেন আফতাব উল ইসলাম, আখতারুজ্জামান মঞ্জু, শফিউজ্জামান এবং অধ্যাপক মাসুদা রশিদ।