ময়মনসিংহ সিনেমা হলে বিস্ফোরণ: মিথ্যা মামলার শিকারদের সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি
দেশে জঙ্গিদের বিভিন্ন বোমা হামলার ঘটনার পর দায়েরকৃত মিথ্যা মামলায় নির্যাতিত লেখক, শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিবিদরা বৃহস্পতিবার তাদের দুর্ভোগের জন্যে সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন।
ময়মনসিংহের চারটি সিনেমা হলে বোমা হামলার ঘটনার পর মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে তাদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করার জন্যে মামলার কথিত আসামিরা সরকারকে নিঃশর্ত ক্ষমা প্রার্থণার আহ্বান জানান।
২০০২ সালের ৭ ডিসেম্বর ময়মনসিংহের চারটি সিনেমা হলে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় ২২ জন নিহত হয়। এ ঘটনার পর পুুলিশ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, লেখক শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মুনতাসীর মামুন, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, মুকুল বোস, শফি আহমেদ এবং তৎকালীন রয়টার্সের সাংবাদিক এনামুল হক চৌধুরীকে (বর্তমানে বার্তা সংস্থা বিডিনিউজ--এর বার্তা সম্পাদক) বিস্ফোরণের ঘটনায় আসামি করে গ্রেপ্তার করে।
বোমা হামলার সাথে কাল্পনিক যোগসূত্র ধরে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়। তাদের কয়েক মাস ধরে জিজ্ঞাসাবাদ এবং নির্যাতন করা হয়।
তবে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান আব্দুর রহমানের গ্রেপ্তারের পর ময়মনসিংহের সিনেমা হলে বোমা হামলার ব্যাপারে তার স্বীকারোক্তিতে ঘটনা ভিন্ন মোড় নেয়।
মিথ্যা মামলায় নির্যাতনের শিকাররা বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানান। ঘাতক দালাল নির্মূল কমিটি এ--টি আয়োজন করে। সংবাদ সম্মেলনে শাহরিয়ার কবির এবং শিক্ষাবিদ কবীর চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দেশে জঙ্গিদের লালন ও জঙ্গিবাদ বিস্তারের সাথে জড়িত মন্ত্রী, এমপি, মেয়র, সরকারি কর্মকর্তা--কর্মচারি, বিএনপি-জামাত নেতাদের গ্রেপ্তারের দাবি জানান।
ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, পৃষ্ঠপোষকদের জিজ্ঞাসাবাদ না করা হলে জঙ্গিদের বিরুদ্ধে তদন্ত ও তাদের বিচার স্বচ্ছ হবে না।
তিনি বলেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ও ইসলামী এনজিওগুলোর কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকলে দেশে জঙ্গিবাদের বিস্তার চলতেই থাকবে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে কবি শামসুর রহমান, শিক্ষাবিদ মুনতাসীর মামুন, অধ্যক্ষ মতিউর রহমান, এনামুল হক চৌধুরী, ছাত্রলীগ নেতা আবু আব্বাস ভুইয়া জেলে থাকার সময় তাদের ওপর চালানো নির্যাতনের বর্ণনা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও লেখক হুমায়ুন আজাদের স্ত্রী লতিফা করিম, সন্ত্রাসী হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইউনূসের স্ত্রী মিসেস রেহানা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবে আলম সম্মেলনে বক্তব্য রাখেন।
