২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা ইস্যু বাংলাদেশের কাছেও ভারতের মতো সমান গুরুত্বপূর্ণ: মোরশেদ খান

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বৃহস্পতিবার বলেছেন, ভারতের মতো বাংলাদেশের কাছেও নিরাপত্তা ইস্যু সমভাবে গুরুত্বপূর্ণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ভারতের গণমাধ্যমে নিরাপত্তা বিষয়ে ভারতের উদ্বেগ সম্পর্কে জানতে চাওয়া হলে মোরশেদ খান তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ভৌগলিকভাবে ভারত বৃহৎ দেশ। নিরাপত্তার ব্যাপারে তাদের উদ্বেগ রয়েছে। ছোট দেশ হওয়া সত্ত্বেও আমাদেরও তেমনই উদ্বেগ রয়েছে। বস্তুত, নিরাপত্তা সবার জন্যেই একটি সমস্যা। এ বিষয়ে উভয় পক্ষেরই বেশ কিছু আপত্তি রয়েছে। তাই এ নিয়ে আলোচনা করা প্রয়োজন।

নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের উদ্বেগ সম্পর্কে মোরশেদ খান বলেন, বাংলাদেশ ও ভারতের ৪,৫০০ কিলোমিটার দীর্ঘ অরক্ষিত সীমান্ত রয়েছে। অপরাধ কার্যক্রম পরিচালনার পর অপরাধীরা আশ্রয় নেয়ার জন্যে উভয় দেশের সীমান্ত অতিক্রম করে।

তিনি বলেন, এ দেশে অপরাধ করার পর বাংলাদেশী সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নেয়। সরকার এ ধরনের অপরাধীদের একটি তালিকা ভারতের কাছে হস্তান্তর করেছে।

তিনি বলেন, আমরা একটি মৌলিক নীতি গ্রহণ করেছি। আমাদের প্রতিবেশী অথবা অন্য কোনো দেশ অথবা এমনকি আমাদের বিরুদ্ধে কাজ করবে, এমন কাউকে আমাদের মাটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসন্ন ভারত সফরকে পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে বলেন, মুক্ত মন নিয়ে আমরা সেখানে যাচ্ছি। আমরা মুক্ত মন নিয়ে আলোচনা করতে প্রস্তুত আছি। আমাদের প্রধানমন্ত্রী সকল দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে একটি সমাধানে পৌঁছার জন্যে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাথে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী তিনদিনের সফরে ২০ মার্চ ভারত যাচ্ছেন।

অর্থনৈতিক, ভৌগলিক এবং কৌশলগত দিক দিয়ে মোরশেদ খান বাংলাদেশ--ভারত সম্পর্ককে খুবই গুরুত্বপূর্ণ আখ্যায়িত করেন।

খান বলেন, বাণিজ্য ঘাটতি, বাংলাদেশী পণ্যের অশুল্ক ও প্রতিশুল্ক বাধা অপসারণ, তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগি নিয়ে নয়াদিল্লিতে ২১ মার্চ খালেদা--মনমোহন বৈঠকের সময় আলোচনা হতে পারে।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দুই বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঘাটতি কমাতে বাংলাদেশী পণ্যের অশুল্ক ও প্রতিশুল্ক বাধা ভারতের অপসারণ করা উচিত।

তিনি বলেন, আমরা তাদের বড় একটি বাজার দিয়েছি। বেসরকারিভাবে বাণিজ্য ঘাটতি সরকারি হিসেবের চেয়ে দ্বিগুণ অথবা তিনগুণ হবে। তাই আমরা আনুপাতিকহারে ভারসাম্য চেয়েছি।

অভিন্ন নদীর পানি বন্টন সম্পর্কে খান বলেন, তিস্তা নদীর পানি প্রবাহের ওপর পরিচালিত জরিপ শেষ হয়ে যাওয়ায় এ ব্যাপারে একটি চুক্তি হওয়া প্রয়োজন। তিনি বলেন, পর্যাপ্ত পানির প্রবাহ না থাকায় তিস্তা বাঁধ অকার্যকর হয়ে পড়ার উপক্রম হয়েছে।

তিনি বলেন, আমি আশা করছি, তারা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে।

সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, উজানে থাকা দেশ (ভারত) ভাটিতে থাকা দেশের (বাংলাদেশ) সাথে কোনো আলোচনা ছাড়াই যেন আন্তর্জাতিক নদীগুলোর পানির স্রোতকে ব্যবহারের সুযোগ না নেয়, সে জন্যে ভারতের সংশ্লিষ্ট পক্ষের সাথে তারা আলোচনা করবেন।

তিনি বলেন, টিপাইমুখ বাঁধ নিয়েও আমাদের আপত্তি রয়েছে। এটি বাংলাদেশের তিনটি নদীকে পানি শূন্য করে ফেলবে।