সংস্কার দাবি নীতিগতভাবে মেনে ‘টার্মস অব রেফারেন্স’ নির্ধারণ করে আলোচনার প্রস্তাব হতে হবে সুনির্দিষ্ট: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি নীতিগত মেনে ‘টার্মস অব রেফারেন্স’ নির্ধারণ করে সরকারকে সুনির্দিষ্ট আলোচনার প্রস্তাব লিখিতভাবে দিতে হবে। আলোচনার বিষয়বস্তু কী হবে, তা অবশ্যই ষ্পষ্ট করতে হবে।
দুই সপ্তাহের জন্য আমেরিকা ও ইউরোপ সফরের উদ্দেশ্যে বৃহষ্পতিবার সকালে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা সংস্কার বিষয়ে সরকারের আলোচনার প্রস্তাবের ব্যাপারে তার দলের অবস্থান সুষ্পষ্ট করে বলেন, আগে সংস্কার প্রস্তাব নীতিগতভাবে মানতে হবে। তারপর আলোচনা। বিরোধী দলের প্রস্তাবের কতটুকু মানবে কিংবা কতটুকু পরিবর্তন করতে হবে, দুই পক্ষ বসেই তখন ঠিক করা যাবে।
তিনি বলেন, আমরা জাতীয় সংসদে সংস্কারের প্রস্তাব উত্থাপন করেছি। কিন্তু সংসদ নেতা তা নাকচ করে দিয়েছেন। আবার কমিটি গঠনের কথাও বলেছেন। কিন্তু দলীয় না সংসদীয় -- কি কমিটি হবে, সেটা ষ্পষ্ট করে বলেননি। এ ব্যাপারে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একদিকে সংস্কার নিয়ে আলোচনার কথা বলছেন। অন্যদিকে একটার পর একটা প্রস্তাব নাকচ করে দিচ্ছেন। সংস্কার প্রস্তাবে আমরা বলেছি, সশস্ত্র বাহিনীকে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের অধীনে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনেই থাকবে।
আওয়ামী লীগ প্রধান বলেন, আলোচনা নিয়েও সরকার একটা নতুন নাটক সৃষ্টি করেছে। ধোকাবাজির খেলা খেলছে তারা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না বলে সরকার সংস্কার প্রস্তাব নিয়ে তালবাহানা করছে, কানামাছি খেলছে।
তিনি অভিযোগ করেন, বিএনপি জামাত জোট ভোট কারচুপি করে আবার ক্ষমতায় আসতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করছে।
প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সংস্কার দাবি বাস্তাবায়নের জন্য ১৪ দলের আন্দোলন চলছে, চলবে। মানুষ জোট দু:শাসন থেকে বাঁচতে চায়। বিএনপি জামাত জোটের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি চায়। মানুষ এই অবস্থার পরিবর্তন চায়।
দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুত, সার, ডিজেল সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, জোট সরকার গত চার বছরে এক মেগাওয়াটও বিদ্যুত উৎপাদন করতে পারেনি। অথচ এখাতে ১২ হাজার কোটি টাকা ব্যয় করেছে বলে তারা দাবি করছে।
সরকারের বিরুদ্ধে দুর্নীতি, দলীয়করনের অভিযোগ এনে বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী, তার পরিবার ও মন্ত্রী এমপিরা দুর্নীতি ও জনগণের সম্পদ লুটপাট করে অর্থ সম্পদের পাহাড় গড়েছে। অথচ জনগণের নাভি:শ্বাস উঠেছে।
জঙ্গিবাদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইকে জিজ্ঞাসাবাদের নামে জামাই আদরে রাখা হচ্ছে। অথচ আমাদের নেতা এবং সাংবাদিকদের অন্যায়ভাবে গ্রেফতার করে অমানবিক নির্যাতন চালানো হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপি’র যুগ্ন মহাসচিব তারেক রহমান জাপান না থাকলে আবদুর রহমান ধরা পড়তো না বলে মন্তব্য করেন তিনি।
পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশে আগমণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সে তো তার দেশে আসবেই। তবে ঠিক কবে আসবে তা ষ্পষ্ট করে বলেন নি শেখ হাসিনা।
তিনি জানান, কানের চিকিৎসার উদ্দেশ্যেই তার এই আমেরিকা সফর। আমেরিকা ও ইউরোপ সফর শেষে ৩০ মার্চ তিনি দেশে ফিরতে পারেন।
শেখ হাসিনার বিদেশ সফরকালে দলের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলীয় প্রধানকে বিদায় জানাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
