বিক্ষুব্ধ এলাকাবাসীর অবরোধের মুখে কানসাটে সাংসদের জনসভা, নির্যাতিত নেতা রাব্বানীর সমালোচনা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সরকার দলীয় সাংসদ অধ্যক্ষ শাহজাহান মিয়ার জনসভা আয়োজনের প্রতিবাদে এলাকাবাসী বুধবার বিকেল থেকে উপজেলার কানসাট এলাকা অবরোধ করে রাখে।
বেলা ২টা থেকে আকস্মিকভাবে শুরু হওয়া ওই অবরোধ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।
অবরোধ উপেক্ষা করেই বিকেল চারটায় উপজেলার সরকারি মডেল হাই স্কুল মাঠে স্থানীয় উপজেলা বিএনপি আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আফতাবউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় সাংসদ অধ্যক্ষ শাহজাহান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সাংসদ শাহজাহান মিয়া তার বক্তব্যে পল্লী বিদ্যুত উন্নয়ন সংগ্রাম কমিটির নেতা গোলাম রাব্বানীর সমালোচনা করে বলেন, রাব্বানী আমার সারা জীবনের অর্জিত সুনাম ও জনপ্রতিনিধি হিসেবে সর্বক্ষেত্রে উন্নয়নের ধারাকে ক্ষুন্ন করার চেষ্টা করছে। রাব্বানী জনগণের সাথে প্রতারণা করছে।
এদিকে এলাকাবাসী জানিয়েছে, সাংসদ শাহজাহান জনসভা আহ্বান করার প্রতিবাদে তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এ অবরোধ কর্মসূচি পালন করেছেন। এর নেপথ্যে কোনো দল বা সংগঠনের ভূমিকা নেই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্মসূচি চলাকালে পুরো কানসাট এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিবগঞ্জে এমপি শাজাহানের জনসভাও শান্তিপূর্ণভাবে পালিত হয়।
তারা জানান, হরতাল চলাকালে কানসাট বিদ্রোহের নেতৃত্বদানকারী পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতা গোলাম রব্বানীর সমর্থকরা চাঁপাই নবাবগঞ্জ -- সোনা মসজিদ সড়কে ব্যারিকেড দেয়। তারা মন্ত্রীর জনসভায় যোগ না দেওয়ার জন্য মাইকিং করে। এছাড়া শিবগঞ্জের বড়পুকুরিয়া এলাকায় সড়ক অবরোধ করে রাখা হয়।
গত জানুয়ারি মাসে স্বল্প দামে নিয়মিত পল্লী বিদ্যুত সরবরাহের দাবিতে কানসাটবাসী গণআন্দোলন গড়ে তুললে আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ১০ জন নিহত হয়। ওই ঘটনায় এলাকাবাসী সাংসদ শাজাহান মিয়ার ওপর ক্ষুব্ধ।
