ভাষাসৈনিকরা উচ্চ আদালতে বাংলা ব্যবহারের আহ্বান জানিয়েছেন
ভাষাসৈনিক ও ভাষা গবেষকরা আদালতের বিচারকার্যে বাংলাভাষা ব্যবহারের দাবিতে বুধবার প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন।
মহান ভাষা আন্দোলনের পথ ধরে বাংলাদেশ তিনদশক আগে স্বাধীনতা লাভ করেছে। স্মারকলিপিতে স্বাধীনতার তিন দশক পরও উচ্চ আদালতের রায় ও অন্যান্য কার্যক্রম এখনও ইংরেজিতে সম্পাদিত হওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন।
স্মারকলিপিতে এ ব্যাপারে তারা প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছিরের আন্তরিক সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন ভাষাসৈনিক অ্যাড. কাজী গোলাম মাহবুব, আব্দুল মতিন, অ্যাড. গাজিউল হক, ড. মীর্জা মাজহারুল ইসলাম, ড. হালিমা খাতুন এবং ভাষা গবেষক এমএ বার্ণিক, অধ্যাপক এমএ মাহবুব, অ্যাড. কেএম আশরাফ প্রমুখ।
