চিকিৎসার জন্য বিদিশাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট
হাইকোর্ট মঙ্গলবার সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদের তালাকপ্রাপ্তা স্ত্রী বিদিশা সিদ্দিককে চিকিৎসার জন্য তিন মাসের বিদেশ সফরের অনুমতি দিয়েছেন ।
বিদিশার বিদেশ সফরের ব্যাপারে গত বছর ঢাকার একটি আদালত নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
বিদিশার দায়েরকৃত একটি রিট আবেদনের শুনানির পর হাইকোর্টের বিচারপতি আবদুর রশিদ এবং বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়ার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
গুলশান পুলিশ ২০০৫ সালের ১৬ জুন টাকা আত্মসাতের অভিযোগে বিদিশার বিরুদ্ধে মামলা দায়ের করলে বিচার আদালত বিদিশার বিদেশ যাওয়ার উপর ওই নিষেধাজ্ঞা আরোপ করেন।
তিনি এই নির্দেশ তুলে নেওয়ার জন্যে বিদিশা জজ কোর্টে আবেদন করলে আদালত ২ জানুয়ারি তা নাকচ করে দেন।
৫ মার্চ বিদিশা বিচার আদালতের দেওয়া নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন এবং চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রার্থনা করেন।
আদালতে বিদিশার পক্ষে মামলাটি পরিচালনা করনে অ্যাড. জহিরুল ইসলাম, ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডঃ রমজান আলী শিকদার। অন্যদিকে সরকারের পক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোকলেসুর রহমান মামলাটি পরিচালনা করেন।
